Published : 18 Jul 2026, 09:45 PM
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অবমূল্যায়ন না করার জন্য স্পেনকে সতর্ক করে দিয়েছেন ভিসেন্তে দেল বস্ক। ইউরোপের দলটির ২০১০ বিশ্বকাপ জয়ী এই কোচের মতে, আর্জেন্টিনার বিপক্ষে খেলা খুব কঠিন কাজ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০ জুলাই ১টায় (এএম) শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে স্পেন।
স্প্যানিশদের সামনে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে একমাত্র শিরোপার স্বাদ পায় তারা।
সেই দলের কোচ দেল বস্ক শনিবার স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’কে বলেন, রদ্রি-ইয়ামালদের কাজ কঠিন করে তুলবে আর্জেন্টিনা।
“আর্জেন্টিনার বিপক্ষে খেলা বেশ কঠিন…মাঠে ঠিক কী করতে হবে, তা ভালো করেই জানে তারা।”
এর প্রমাণ হিসেবে সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানো জয়ের কথা উল্লেখ করেন ৭৫ বছর বয়সী দেল বস্ক।
“ফাইনালে স্পেনকেই ফেভারিট হিসেবে দেখছি, কিন্তু আর্জেন্টাইনদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ তাদের মোকাবেলা করা অনেক কঠিন এবং তাদের অভিজ্ঞতাও অনেক বেশি।”