বিশ্বের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হ্যাকিং চালাচ্ছে নতুন এই এআই টুল
টুলটি মানুষের সামান্য সহায়তায় বা নিজে থেকেই যে কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে কেবল কয়েক মিনিটের মধ্যে সাইবার হামলা চালাতে পারে।
স্বয়ংক্রিয় এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট ও কোম্পানিতে হানা দিচ্ছে হ্যাকাররা।
‘আর্টেক্স’ নামের টুলটি মানুষের সামান্য সহায়তায় বা নিজে থেকেই যে কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে কেবল কয়েক মিনিটের মধ্যে সাইবার হামলা চালাতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
বিশেষজ্ঞরা বলছেন, এআই টুলটি তুলনামূলকভাবে অনভিজ্ঞ হ্যাকারদেরও বিভিন্ন ওয়েবসাইট ও সেবার দুর্বলতা খুঁজে বের করতে এবং সেগুলোতে অনুপ্রবেশ করতে সহায়তা করছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর ওপর হামলার জন্য এই টুলটিকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য গুরুত্বপূর্ণ কোম্পানিতে সংঘটিত সাইবার হামলার সঙ্গেও এর যোগসূত্র রয়েছে।
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট বলেছে, গোপন তথ্য অনুসন্ধান, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি ও ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিভিন্ন সিস্টেম নিয়ন্ত্রণ করা সম্ভব কি না তা যাচাই করতে সেগুলো স্ক্যান করার কাজে এটা ব্যবহৃত হয়েছে।
দ্রুতগতিতে এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় সামনে আরও বড় ধরনের হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
জুলাইয়ে ‘অটাম-২৭’ নামের এক ব্যবহারকারী চাইনিজ ইন্টারফেইসওয়ালা টুলটি সফটওয়্যার নির্মাতাদের প্ল্যাটফর্ম গিটহাবে আপলোড করার পর ‘আর্টেক্স’ প্রথম সবার নজরে আসে।
পরবর্তীতে এটা গিটহাব থেকে সরিয়ে নেওয়া হলেও তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি ‘ইনফ্রাওয়াচ’-এর তথ্য অনুসারে, বর্তমানে এই সফটওয়্যারের ১৩০টিরও বেশি সংস্করণ পাওয়া যাচ্ছে।
অটোনোমাস অফেন্সিভ ফ্রেমওয়ার্কস বা সংক্ষেপে ‘এওএফ’ নামে পরিচিত একদল টুলের মধ্যে এটা এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়।
এসব টুল একদিকে যেমন সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে তেমনই সেই দুর্বলতা কাজে লাগিয়ে বিভিন্ন সেবায় হ্যাকিংয়েরও সুযোগ দিচ্ছে। ফলে সাইবার হামলা চালানো তুলনামূলকভাবে সহজ হয়ে উঠছে।
এওএফ-এর নামের সঙ্গে যুক্ত ‘অটোনোমাস’ বা স্বয়ংক্রিয় শব্দটি দিয়ে বোঝানো হয়েছে, এসব টুল মানুষের সামান্য সহায়তায় বা কোনো সহায়তা ছাড়াই বেশিরভাগ কাজ নিজে নিজে সম্পন্ন করতে পারে।
বিভিন্ন ধরনের এআই এজেন্ট ব্যবহার করে কোনো সিস্টেমে ঢোকার নানা উপায় খুঁজে বের করতে ও সেগুলোর সুযোগ নিতে পারে এসব টুল।
কোনো হামলাকারী আর্টেক্স ব্যবহার করলে তারা এতে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো নির্ধারণ করে দেন।
এরপর টুলটি নিজে থেকেই বিভিন্ন এআই এজেন্টকে একত্র করে, যারা নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে লক্ষ্য ঠিক করে, সেখানে পৌঁছানোর ধাপগুলো সাজায় ও সবশেষে সরাসরি হামলা চালায়। কাজ শেষে হামলাকারীকে পুরো অভিযানের ফলাফলও জানিয়ে দেয়। এর মানে, টুলটি দ্রুত কাজ করতে পারে।
মাইক্রোসফটের তথ্য অনুসারে, কীভাবে সেট আপ করা হয়েছে ও কোনো কোম্পানির সুরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী তার ওপর ভিত্তি করে এটা কোনো সিস্টেম পর্যবেক্ষণ শুরু করা থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যুহ ভেঙে ভেতরে ঢুকতে কেবল ‘কয়েক মিনিট’ সময় নেয়।
আর্টেক্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এটা কোনো নির্দিষ্ট ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা এলএমএমের ওপর নির্ভরশীল নয়, এর এজেন্টগুলো যে কোনো সিস্টেম দিয়েই পরিচালিত হতে পারে, যার মধ্যে ‘ফ্রন্টিয়ার মডেল’ মডেলও রয়েছে।
এর ফলে হামলাকারীরা চাইলে এমন কোনো মডেলের সংস্করণ ব্যবহার করতে পারে, যেখান থেকে নিরাপত্তামূলক বিধিনিষেধ বা ‘গার্ডরেইল’ সরিয়ে ফেলা হয়েছে।
কাজ চলাকালীন একটি মডেল থেকে অন্য মডেলে সরে যাওয়ার মাধ্যমে এটা প্রচলিত বিভিন্ন মডেলের নিরাপত্তা বাধাগুলোও এড়িয়ে যেতে পারে।
‘আর্টেক্স’ সিস্টেমে হামলার কোনো নতুন কৌশল খোঁজে না, বরং প্রচলিত কৌশলগুলোকে একত্র করে ব্যবহারকারীদের দ্রুত ও শক্তিশালী হামলা চালানোর সুযোগ করে দেয়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আর্টেক্স নিয়ে মূল উদ্বেগের জায়গাটি হামলার ধরন নয়, বরং এর ব্যাপকতা ও শক্তি।
এফবিআই-এর সাবেক সাইবার স্পেশাল এজেন্ট ও সিআইএ-এর সাবেক অপারেশনস কর্মকর্তা শন উইলিয়ামস বর্তমানে সাইবার নিরাপত্তা কোম্পানি ‘সেন্টিনেলওয়ান’-এ কাজ করছেন।
তিনি বলেছেন, “এখানে মূল বিষয়টি সাইবার অপরাধীরা আর্টেক্স ব্যবহার করছে এটা নয়, বরং আর্টেক্সের মতো এআইচালিত টুলগুলোর সহজলভ্যতা অপরাধীদের ইন্টারনেটের সঙ্গে যুক্ত ডিভাইসগুলোর দুর্বলতা খুঁজে বের করতে ও তা কাজে লাগাতে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দ্রুত, কার্যকর, সাশ্রয়ী ও কম ক্ষমতাতেই সক্ষম করে তুলেছে।”
টুলটি প্রচলিত কৌশলগুলোর একটি ভাণ্ডারের ওপর নির্ভর করে ফলে কোম্পানিগুলোর পক্ষে এটা শনাক্ত করা কঠিন হতে পারে। কারণ, এর আচরণ অনেকটা অন্যান্য হামলার মতোই।
বেশিরভাগ সময় টুলটির কাজের ধরন দেখে এটা শনাক্ত করা সম্ভব। আর্টেক্সের হামলার শিকার হওয়া কোনো সিস্টেমে খুব অল্প সময়ের ব্যবধানে একের পর এক অসংখ্য রিকোয়েস্ট আসতে থাকে।
