আবারও পেছাল মহাকাশ থেকে বোয়িং নভোচারীদের ফেরা
কেবল এক সপ্তাহের অভিযানে দুই নভোচারী মহাকাশ স্টেশনে গেলেও এরইমধ্যে পেরিয়ে গেছে ছয় মাস।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস-এ আটকে পড়া নভোচারীদের ফিরে আসতে আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
যুদ্ধ ও যাত্রীবাহী এয়ারক্রাফটের মার্কিন নির্মাতা কোম্পানি বোয়িং নাম লিখিয়েছে মহাকাশযান নির্মাণেও। এদেরই স্টারলাইনার নভোযান চলতি বছরের ৫ জুন প্রথমবারের মতো মহাকাশ স্টেশনে যাত্রা করে। এতে অংশ নেন ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
কেবল এক সপ্তাহের অভিযানে দুই নভোচারী মহাকাশ স্টেশনে গেলেও এরইমধ্যে পেরিয়ে গেছে ছয় মাস। বোয়িংয়ের তৈরি পরীক্ষামূলক মহাকাশযান স্টারলাইনারের কারিগরি ত্রুটির কারণে তাদের মহাকাশে থাকার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বর্তমানে আইএসএসে একটি নতুন ক্যাপসুল চালু করতে দেরি হওয়ার কারণে এই এই জুটি ২০২৫ সালের মার্চের শেষের দিকে বা সম্ভবত এপ্রিলের আগে ফিরে আসবেন না বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
নাসা বলেছে, দেরিতে ফিরে আসার বিষয়টি নভোচারীদের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না।
বিবৃতিতে নাসা বলেছে, “নভেম্বর মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুটি সরবরাহ ফ্লাইট গিয়েছে। আর এই ফ্লাইটে করে ক্রুদের জন্য পর্যাপ্ত খাবার, পানি, পোশাক ও অক্সিজেন’সহ প্রয়োজনীয় সবকিছু পাঠানো হয়েছে। ফলে নভোচারীদের জন্য সবকিছু ভালভাবে সেখানে মজুদ আছে। এমনকি আইএসএসে নভোচারীদের জন্য বড়দিনের ছুটি উদযাপনের জন্যও বিশেষ পণ্য নিয়ে গেছে মহাকাশযানটি।”
বেশিরভাগ মহাকাশ অভিযান সাধারণত ছয় মাস স্থায়ী হয়। আবার কয়েকটি পুরো বছর ধরেও হয়ে থাকে। তাই নভোচারী বুচ ও সুনির আইএসএসে থাকার মেয়াদ বাড়ানো তাদের জন্য কোনও সমস্যার কারণ হবে না, বলেছেন ‘ওপেন ইউনিভার্সিটি’র ড. সিমিওন বারবার।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে নাসা’র পরবর্তী চারজন ক্রু নিয়ে অভিযান চালু হওয়ার কথা ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। আর এই ক্রু বহনকারী ক্যাপসুলটিতে করে বুচ ও সুনিকে দেশে ফিরিয়ে আনার কথাও ছিল।
একই মিশনে নাসা’র নভোচারী নিক হেগ ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস-এর মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভকেও সাধারণ ক্রু রোটেশনের অংশ হিসাবে ফিরিয়ে আনার কথা ছিল।
কিন্তু ইলন মাস্কের বেসরকারি খাতের কোম্পানি স্পেসএক্স এই মিশনের জন্য একেবারে নতুন ড্রাগন ক্যাপসুল তৈরি করতে দেরি করেছে। এখন ২০২৫ সালের মার্চের শেষের দিকে এই ফ্লাইট প্রস্তুতির জন্য নির্ধারণ করেছে কোম্পানিটি।
নাসা বলেছে, ফ্লাইটের সময় ঠিক রাখতে বদলি ক্রুদের ফিরিয়ে আনতে স্পেসএক্সের অন্য কোনো ক্যাপসুল ব্যবহারের কথা বিবেচনায় আছে।
