Published : 28 Feb 2018, 07:50 PM
বর্তমানে স্মার্টফোনের বেজেল যতটা সম্ভব কমানোর চেষ্টা করছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। স্মার্টফোনকে পুরোপুরি বেজেলহীন করার খুব কাছাকাছি পৌঁছেছে ভিভো। প্রতিষ্ঠানের নতুন প্রোটোটাইপ অ্যাপেক্স স্মার্টফোনের তিন পাশে রয়েছে ১.৮ মিলিমিটার বেজেল। আর নিচের দিকে রাখা হয়েছে ৪.৩ মিলিমিটার বেজেল। নিচের দিকেও বেজেল কমিয়ে ১.৮ মিলিমিটারে আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
বেজেল কমানোর পাশাপাশি ডিভাইসটিতে আরও কিছু আকর্ষণীয় ফিচার দেখা গেছে। ডিভাইসের ওপরে বেজেল না থাকায় সেলফি ক্যামেরা, অ্যাম্বিয়েন্ট সেন্সর ও স্পিকারের জায়গা হয়নি ডিভাইসটির ওপরে।
পর্দার ওপরে জায়গা না হওয়ায় এই যন্ত্রাংশগুলোর জন্য নতুন প্রযুক্তি এনেছে ভিভো। গ্রাহক ছবি তোলার জন্য যখন সেলফি ক্যামেরা বাছাই করবেন তখন ডিভাইসের মাথা থেকে একটি আট মেগাপিক্সেল ক্যামেরা বের হবে। ছবি তোলা শেষ হলে মোটোরাইজড এই ক্যামেরা নিজে থেকেই আবার স্মার্টফোনের ভেতরে ঢুকে যাবে। ডিভাইসের ভেতর থেকে ক্যামেরা বের হতে সময় লাগবে ০.৮ সেকেন্ড। ধারণা করা হচ্ছে পণ্যটি বাজারে আসলে আরও দ্রুত বের হবে ক্যামেরা।
ডিভাইসটিতে পর্দার নিচেই ব্যবহার করা হয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। স্মার্টফোনের মাথায়ও একটি লাইট সেন্সর রাখা হয়েছে।
বেজেল না থাকায় ডিভাইসটির ওপরে কোনো স্পিকার রাখা যায়নি। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে ডিভাইসটি দিয়ে কীভাবে ফোন কলের কথা শুনবেন গ্রাহক?
এই সমস্যা সমাধানে অ্যাপেক্স স্মার্টফোনে ‘সাউন্ডকাস্টিং’ প্রযুক্তি এনেছে ভিভো। এই প্রযুক্তিতে ডিভাইসের পর্দায় কম্পনের মাধ্যমে শব্দ তৈরি করা হবে। ফলে সাধারণ স্পিকারের মতোই কথা শুনতে পারবেন গ্রাহক, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর প্রতিবেদনে।
এর আগেও কয়েকটি ডিভাইসে এমন স্পিকার প্রযুক্তি দেখা গেছে। সম্প্রতি এই প্রযুক্তির ‘মি মিক্স’ স্মার্টফোন বাজারে এনেছে শিয়াওমি। কিন্তু এই প্রযুক্তির চেয়ে উন্নত বলা হচ্ছে ভিভো’র সাউন্ডকাস্টিং।
এর আগেই পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি দেখিয়েছে ভিভো। এবার এই প্রযুক্তিকে এক ধাপ সামনে এগিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিতে পর্দার মাঝখানে প্রায় অর্ধেক জায়গা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা যাবে। আর বেশি সুরক্ষার জন্য এক সঙ্গে দুই আঙ্গুল দিয়ে ডিভাইস আনলক করা যাবে।
২১৬০X১০৮০ রেজুলিউশানের ৫.৯ ইঞ্চি পর্দা রাখা হয়েছে অ্যাপেক্স স্মার্টফোনে। আর পেছন ডুয়াল ক্যামেরা রয়েছে ডিভাইসটিতে।
নতুন এই স্মার্টফোনের প্রোটোটাইপ দেখানো হলেও ডিভাইসটি বাজারে আনা হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।