Published : 19 Jun 2026, 08:19 PM
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে নারী-পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী।
৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ী সীমান্তে দিয়ে বিএসএফ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কাঁটাতারের গেইট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বিজিবির কালীরহাট ক্যাম্পের টহল দলকে খবর দেয়। তারা গিয়ে প্রতিরোধ করে। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়।
তিনি বলেন, এ ঘটনার পর থেকে ওই সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের ১৩ নম্বর উপ-পিলারের একদিকে পাটগ্রামের টেপুরগাড়ী এবং অন্যদিকে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া এলাকা অবস্থিত।
বৃহস্পতিবার রাতে ভারতের ১৫৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের একটি টহল দল ‘পুশ ইনের’ চেষ্টা করেছিল।
৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) আব্দুর রাজ্জাক বলেন, “বিএসএফ তিনজনকে কাঁটাতারের গেইট দিয়ে বাংলাদেশে ‘পুশ ইনের’ চেষ্টা করেছিল। বিজিবির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বাধা দেয়।”