Published : 01 Sep 2016, 04:52 PM
ইতোমধ্যেই বাঁকানো স্ক্রিনের টেলিভশন বাজারে এনেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বাঁকানো স্ক্রিনের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা সমালোচনাও হয়েছে বেশ। তবে, তাইওয়ানিজ প্রতিষ্ঠান এসার-ই প্রথম প্রতিষ্ঠান যেটি বাঁকানো স্ক্রিনের ল্যাপটপ উন্মোচন করল, জানিয়েছে বিবিসি।
সাধারণ ল্যাপটপের চেয়ে বড় পর্দা রাখা হয়েছে এই প্রিডেটর নোটবুকটিতে। ল্যাপটির পর্দার মাপ রাখা হয়েছে ২১ ইঞ্চি।
"স্ক্রিনের বাঁক মানুষের চোখের প্রাকৃতিক বাঁকের সঙ্গে মিলে যায় এবং তাকে চওড়া দৃষ্টিক্ষেত্র প্রদান করে। এটি মানুষকে গেইমের বিস্তারিত দেখতে সাহায্য করে।", বলেন এসার ইউরোপের জন মিডেমা।
বাঁকানো স্ক্রিন প্রযুক্তিতে ইতোমধ্যেই অনেকটা এগিয়ে গেছে স্যামসাং। টিভি এবং স্মার্টফোনে এই প্রযুক্তি ব্যবহার করে আসছে প্রতিষ্ঠানটি।
স্ট্রাটেজি অ্যানালিটিকস-এর ডেভিড মারসার বলেন, "আপনি যদি সঠিক অবস্থানে থাকতে পারেন তবে বাঁকানো স্ক্রিন দারুণ। আমি মনে করি ল্যাপটপে একজন ব্যবহারকারীর ক্ষেত্রে এটি আরও দারুণ হবে।"

আই ট্র্যাকার প্রযুক্তি তৈরি করে সুইডেনের প্রযুক্তি প্রতিষ্ঠান টোবি। মূলত প্রতিবন্ধীদের কম্পিউটার চালানোর সুবিধার্থে প্রযুক্তিটি তৈরি করা হয়। এবার সেটি গেইমারদের সুবিধার্থে ব্যবহার করছে এসার।
ল্যাপটপের বাঁকানো স্ক্রিন নিয়ে ইতোমধ্যেই সমালোচনাও শোনা গিয়েছে। গেইমিং নিউজ সাইট পিসিগেইমসএন এর ডেভ জেমস বলেন, "ভালো বাঁকানো স্ক্রিনের ডেস্কটপ মনিটরগুলো সাধারণত ৩৪ ইঞ্চি বা তার থেকে বেশি হয় এবং সেটি চোখের থেকে বেশ দূরে থাকে। ২১ ইঞ্চি ল্যাপটপের জন্য আপনার চোখ এতটাই কাছে থাকে যে ইফেক্টগুলো ধরতে পারা কষ্টকর।"
২ সেপ্টেম্বর থেকে জার্মানির বার্লিনে উনুষ্ঠিত হতে যাচ্ছে ইলেক্ট্রনিক্স পণ্য প্রদর্শনী অনুষ্ঠান 'আইএফএ ২০১৬'।