১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নতুন ইতিহাসের জন্ম দিয়ে ফেদেরারের পাশে জোকোভিচ

এক জয়ে পরিসংখ্যানের পাতায় ফেদেরারের দুটি রেকর্ডে ভাগ বসিয়েছেন সার্ব তারকা।

নতুন ইতিহাসের জন্ম দিয়ে ফেদেরারের পাশে জোকোভিচ
নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 01:26 AM

Updated : 11 Sep 2026, 03:34 PM

ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের জন্ম দেওয়া এবং অনেক সাফল্য মুঠোবন্দি করা নোভাক জোকোভিচ এবার আরেক কীর্তি গড়লেন। উইম্বলডনে তৃতীয় রাউন্ডে জিতে, বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ জয়ের রেকর্ড স্পর্শ করলেন তিনি।

সেন্টার কোর্টে শুক্রবার ২৫তম বাছাই ফরাসি খেলোয়াড় আহতুহ্ হিন্ডাকনেশের বিপক্ষে প্রথম দুই সেটে জয়ের পর, তৃতীয় সেটে লড়াই-ই করতে পারেননি জোকোভিচ। তবে, পরের সেটে দারুণ লড়াইয়ে টাইব্রেকারে জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন সার্ব তারকা।

এখানে এককে সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ ম্যাচটি শেষ পর্যন্ত জেতেন ৭-৫, ৬-৪, ১-৬, ৭-৬ (৭-৪) গেমে। উইম্বলডনে এককে এটি তার ১০৫তম ম্যাচ জয়।

নারী-পুরুষ মিলিয়ে এই গ্র্যান্ড স্ল্যামে সর্বোচ্চ একক ম্যাচ জয়ের তালিকায় রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের ওপরে এখন আছেন কেবল নারী টেনিস কিংবদন্তি মার্তিনা নাভ্রাতিলোভা (১২০)।

এই জয়ে পরিসংখ্যানের আরেকটি পাতায়ও উইম্বলডনের এককে আটবারের চ্যাম্পিয়ন ফেদেরারকে স্পর্শ করেছেন জোকোভিচ। এবার দিয়ে ফেদেরারের সমান ১৮ বার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠলেন ৩৯ বছর বয়সী তারকা। 

ম্যাচ শেষে ফেদেরারের ১০৫ জয়ের রেকর্ড ছোঁয়ার কথা বলা হলে জোকোভিচ মজা করে বলেন, “১০৬ এর জন্য আমার ও ফেদেরারের মধ্যে একটা ম্যাচ আয়োজনের প্রস্তাব করছি আমি। যে জিতবে, রেকর্ড তার হবে। আসুন, এই বিষয়ে আর কথা না বাড়িয়ে তাকে ডাকি।

“এই কোর্টে ইতিহাস গড়তে পারা অনেক বড় সম্মানের এবং বিশাল এক প্রাপ্তি। এটা সবসময়ই আমার শৈশবের একটা স্বপ্ন ছিল।”

২০২৩ সালে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের উচ্চতায় পা রাখার পর থেকে আর কোনো মেজর জিততে পারেননি জোকোভিচ। পুরুষ-নারী মিলিয়ে কিংবদন্তি মার্গারেট কোর্টকে (২৪টি) ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নেওয়ার অভিযানে আরেকবার ছুটে চলেছেন তিনি।