মাদারীপুরে কভার্ড ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে চাচি-ভাতিজি নিহত
ঝিনাইর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি কামাল হোসেন জানান।
মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার সময় কভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার দুপুরে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ঝিনাইর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি কামাল হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার মাদবরকান্দি এলাকার বাসিন্দা রিমি আক্তার (৩৫) এবং আয়েশা বেগম (৯)। তারা সম্পর্কে চাচি-ভাতিজি।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, দুপুরে ইজিবাইকে করে মাদবরকান্দির বাড়ি থেকে পাশের কাদিরপুর গ্রামের আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। পথে বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তার মারা যান।
আহত পাঁচজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
