Published : 04 Jul 2026, 01:45 AM
বিশ্বকাপে ম্যাচ বাড়ায় স্বাভাবিকভাবেই যেমন বেড়েছে গোলের সংখ্যা, তেমনি একই সঙ্গে বেড়ে চলেছে আত্মঘাতী গোলও। শেষ বত্রিশে অস্ট্রেলিয়া-মিশর লড়াইয়ে আত্মঘাতী হওয়ার সংখ্যাটা ছুঁয়েছে নতুন রেকর্ড।
ডালাসে শুক্রবার ম্যাচের ৫৫তম মিনিটে ভুল করে নিজেদের জালে বল পাঠান মিশরের ডিফেন্ডার মোহামেদ হেনি। এবারের বিশ্বকাপে এটা ত্রয়োদশ আত্মঘাতী গোল।
৪৯তম মিনিটে অস্ট্রেলিয়ার বক্সে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান হেনি। প্রাথমিকভাবে মনে হচ্ছিল, জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি! স্ট্রেচার পাঠানো হয় মাঠে। তবে পরে উঠে দাঁড়ান হেনি।
এর ছয় মিনিট পরই ভুলটা করে বসেন এই রাইট-ব্যাক। বাঁ দিক থেকে প্রতিপক্ষের ফ্রি-কিকে, বক্সে সবার ওপরে লাফিয়ে হেডে ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে পাঠান হেনি।
এক আসরে আগের সর্বোচ্চ ১২টি আত্মঘাতী গোলের রেকর্ড হয়েছিল ২০১৮ সালে, রাশিয়া বিশ্বকাপে।
৩০ বছর বয়সী হেনির এমন তেতো অভিজ্ঞতা হলো এবার দ্বিতীয়বার। তাতে বিশ্বকাপের এক আসরে দ্বিতীয় ফুটবলার হিসেবে দুটি আত্মঘাতী গোল করলেন হেনি।
প্রথমটি করেছিলেন গ্রুপ পর্বে, বেলজিয়ামের বিপক্ষে। আসরে যাত্রা শুরুর ম্যাচে সেদিন শুরুতে এগিয়ে গিয়েও, দ্বিতীয়ার্ধে তার আত্মঘাতী গোলে ১-১ ড্র করেছিল মিশর।
প্রথম এই অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল বুলগেরিয়ার ইভান ভুতসভের, ১৯৬৬ আসরে দুটি আত্মঘাতী গোল করেছিলেন তিনি।