Published : 01 Jul 2026, 03:21 PM
ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবির মুখে এবার ‘ইয়োর অ্যালগরিদম’ ফিচারটি কাস্টমাইজের বেশ কিছু নতুন উপায় পরীক্ষা করছে ইনস্টাগ্রাম।
এর আওতায় রিলস সোয়াইপ বা ফিড পুল-ডাউনের মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে কোন পোস্ট বেশি বা কম দেখবেন তা নির্দিষ্টভাবে নির্ধারণ করে দিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট টেকক্রাঞ্চ।
ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির সাম্প্রতিক একটি পোস্ট অনুসারে, ব্যবহারকারীরা খুব শিগগিরই অ্যাপের কনটেন্ট নিজেদের পছন্দমতো সাজানোর আরও বেশ কিছু নতুন উপায় পেতে যাচ্ছেন।
মোসেরি এমন কিছু নতুন উপায় তুলে ধরেছেন, যার মাধ্যমে ব্যবহারকারীরা ‘ইয়োর অ্যালগরিদম’ ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা নির্দিষ্টভাবে নির্ধারণ করে দিতে পারবেন, তারা ঠিক কোন কোন বিষয়ের পোস্ট বেশি দেখতে চান ও কোনগুলো কম দেখতে চান।
ইনস্টাগ্রামে গত বছর চালু করা ‘ইয়োর অ্যালগরিদম’ ফিচারটির পরিধি অ্যাপের অন্যান্য অংশেও বাড়ছে।
https://www.instagram.com/p/DaDWjlEG7vl/
এ প্রসঙ্গে মোসেরি বলেছেন, “আমরা ইয়োর অ্যালগরিদম’কে কেবল সাধারণ সেটিংয়ের মধ্যে আটকে না রেখে এমনভাবে বিবর্তিত করতে চাই, যা ইনস্টাগ্রামে আপনার সার্বিক অভিজ্ঞতার মূল অংশ হয়ে উঠবে। যার মধ্যে কিছু বিষয়ের এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে, কিছু খুব শিগগিরই আসবে, আবার কিছু হয়ত শেষ পর্যন্ত কার্যকর নাও হতে পারে।”
তার পোস্টে দেখানো বিভিন্ন উদাহরণের একটিতে দেখা যায়, ইনস্টাগ্রাম ফিডটি নিচের দিকে টানলে এক পর্যায়ে ‘ইয়োর অ্যালগরিদম’ মেনুটি সামনে চলে আসে।
অন্য এক উদাহরণে দেখা গেছে, কোনো রিল দেখার সময় ওপরের দিকে সোয়াইপ করলে একই ধরনের পছন্দ-অপছন্দ নির্ধারণের প্রম্পট বা উইন্ডো ভেসে ওঠে।
এ ছাড়া তৃতীয় আরেকটি উদাহরণে প্রতিটি রিলের নিচে নির্দিষ্ট কিছু বাটন দেখানো হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী সরাসরি জানিয়ে দিতে পারবেন, তিনি এ ধরনের রিল আরও দেখতে চান নাকি চান না।
তবে মোসেরির পোস্টে আসা সবচেয়ে জনপ্রিয় মন্তব্যের সবকটিতেই ব্যবহারকারীরা একই দাবি জানিয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “আমরা কেবল এতটুকুই চাই, অ্যালগরিদম যেন আমাদের ফলো করা মানুষদের পোস্টগুলোই দেখায়।”