২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ঝরে পড়েছে ২৭ হাজার শিক্ষার্থী

কুমিল্লা বোর্ডের আওতায় থাকা জেলাগুলির মধ্যে ফেনী থেকে সবচেয়ে কম পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 02:12 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

সারাদেশের মতো কুমিল্লা বোর্ডেও উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবার এই বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৫ হাজার ৮৯ জন। 

তবে ২০২৫ সালে এইচএসসির জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী। অর্থাৎ প্রায় ২৭ হাজার জন শিক্ষাজীবন থেকে ঝরে পড়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার ৪৬৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে । 

সকালেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন  বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ।

তিনি বলেন, “১৯৩টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে। তবে আমাদের দুর্বল অর্থনৈতিক কাঠমোর কারণে অনেকে শিক্ষার্থী আয়-রোজগারে যুক্ত হয়ে যায় তাই শিক্ষার্থীর পরিমাণ কমে আসে।”

তিনি আরও বলেন, “২০২৬ সালের এইচএসসিতে আমরা নকল ও অনিয়মমুক্ত পরীক্ষা উপহার দিতে বদ্ধ পরিকর। শুধু পরীক্ষার্থীরা নয়, পরীক্ষকদেরকেও সচেতন থাকতে হবে। আমাদের যেসব ভিজিলেন্স টিম থাকবে সেগুলো বোর্ডের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকবেন। কোথাও কোনো ব্যত্যয় দেখলে তারা সাথে সাথে ব্যবস্থা নেবেন।”

এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিনসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় ২০ হাজার ১৬৫ জন বেশি মেয়ে অংশ গ্রহণ করেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ৩২৪ 

জন মেয়ে পরীক্ষার্থী এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৭৬৫ জন। 

সবচেয়ে বেশি পরীক্ষার্থী মানবিক বিভাগে ৪৩ হাজার ৪৯৪ জন, এরপর বিজ্ঞান বিভাগে ২৮ আর হাজার ৪৯৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৯৮। 

কুমিল্লা বোর্ডের আওতায় থাকা জেলাগুলির মধ্যে ফেনী থেকে সবচেয়ে কম পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ১১টি কেন্দ্রে এই জেলার ৪২টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৬৪৯ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী কুমিল্লা জেলার। ৭৮টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ১৭০টি প্রতিষ্ঠানের ৩৩ হাজার ৬১২ জন।

এছাড়াও নোয়াখালী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৯০৫ জন, লক্ষ্মীপুর জেলায় ৯ হাজার ৮০ জন, চাঁদপুর জেলায় ১৩ হাজার ৭৯৫ জন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২ হাজার ৪৮ জন।

কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম বলেন, “আমরা সকল কেন্দ্রের চার পাশে ১৪৪ ধারা জারি রাখার জন্য প্রশাসনকে বলেছি। সকল কেন্দ্রে সিসিক্যামেরা চালু রাখার জন্য বলেছি। আমরা যেন সব সময় পর্যবেক্ষণ করতে পারি।” 

পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, “বৈরি আবহাওয়ার জন্যও সকল কেন্দ্রে প্রস্তুতি রাখতে বলা হয়েছে। মোমবাতি, চার্জলাইট বা সোলার চালু রাখার জন্য বলা হয়েছে। ”