১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘মাদক সেবনে’ গিয়ে গুলিবিদ্ধ হন আজাদ: পুলিশ

“পলাতক হৃদয়কে ধরা গেলে বিস্তারিত জানা যাবে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 01:59 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

চট্টগ্রামে ফরেস্ট গেইট এলাকায় গুলিতে নিহত আজাদ বন্ধুদের সঙ্গে ‘মাদক সেবন করতে’ গিয়ে গুলিবিদ্ধ হন বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যুবকের বরাতে দাবি করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলছেন, পুলিশ হেফাজতে থাকা ইছা এ তথ্য জানিয়েছেন।

আজাদকে হাসপাতালে নিয়ে যাওয়া ইছা ও হৃদয় নামে পলাতক অপর এক যুবকের বিরুদ্ধে এরইমধ্যে মামলা করেছে আজাদের পরিবার। 

বুধবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় একটি পরিত্যক্ত বাসায় গুলিবিদ্ধ হয় আজাদ নামে এক যুবক। পরে তার এক বন্ধু তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ নিহত আজাদকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. ইছাকে হেফাজতে নিয়ে ঘটনাস্থলে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। 

নিহত আজাদ হামজারবাগ হাকিম শাহ হুজুর এলাকার বাসিন্দা। স্টিলের দোকানে কারিগর হিসেবে তিনি কাজ করতেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। 

পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ হেফাজতে থাকা ইছাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করেছে তিনি, নিহত আজাদ ও হৃদয় নামে অপর এক যুবক মিলে দুপুরে ইয়াবা সেবন করতে বাসাটিতে গিয়েছিল। এসময় তাদের কাছে একটি পিস্তল ছিল। পিস্তলে গুলি লোড-আনলোড করার সময় গুলিবিদ্ধ হয় আজাদ।”  

ওই বাসাটি থেকে আজাদের রক্তমাখা চাদর লুকিয়ে ফেলা হয়েছে জানিয়ে ওসি বলেন, “ইছা জানিয়েছে, প্রথমে তারা বিষয়টি অসুস্থ বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। তার দাবি, গুলিবিদ্ধ হওয়ার সময় সে পাশে ছিল না। 

“তবে তার বক্তব্যটি আমাদের কাছে অসংলগ্ন মনে হচ্ছে। পলাতক হৃদয়কে ধরা গেলে বিস্তারিত জানা যাবে। ইছাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের আদেশ নিয়ে হেফাজতে আনা হবে।”

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা