চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা
“আজাদকে হাসপাতালে নেওয়া ওই যুবক জানিয়েছে, ওই বাড়িতে বসে তারা তিনজন মিলে ইয়াবা সেবন করছিল। এসময় কেউ একজন আজাদকে গুলি করে।”
চট্টগ্রামের মুরাদপুরের এক পরিত্যক্ত বাড়িতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত মো. আজাদের বয়স ২৫ বছর, পাঁচলাইশ হামজারবাগ এলাকায় তার বাসা। বুধবার বিকালে নগরীর মুরাদপুর ফরেস্ট এলাকার এক বাড়িতে তাকে হত্যা করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজাদের এক বন্ধু তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ সেই বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে যায়।
“আজাদকে হাসপাতালে নেওয়া ওই যুবক জানিয়েছে, ওই বাড়িতে বসে তারা তিনজন মিলে ইয়াবা সেবন করছিল। এসময় কেউ একজন আজাদকে গুলি করে। তবে বিষয়টি আমাদের সন্দেহজনক মনে হচ্ছে।”
পুলিশ কর্মকর্তা স্বপন বলেন, যে বাসায় এ ঘটনা ঘটেছে সেখানে কেউ বসবাস করেন না।
“আমাদের ধারণা সেখানে মাদকসেবীরা মাদক সেবন করে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আজাদকে হাসপাতালে নিয়ে আসা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
