ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা তুলে নিলেন ইলন মাস্ক
অভিযোগ ছিল, চুক্তি লঙ্ঘন ছাড়াও স্টার্টআপটি মানুষের উপকার করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি ভঙ্গ করেছে এবং এটি এখন মানবতার কল্যাণে নয় বরং আর্থিক লাভের পেছনে ছুটছে।
জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও কোম্পানিটির নির্বাহী প্রধান স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মানবকল্যাণে ব্যর্থতার অভিযোগে আনা মামলা সম্প্রতি প্রত্যাহার করেছেন বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্ক।
এ মামলায় মার্কিন ধনকুবের ইলন মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন, চুক্তি লঙ্ঘন ছাড়াও কোম্পানিটি মানুষের উপকার করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভঙ্গ করেছে স্টার্টআপটি এবং এটি মানবতার কল্যাণে নয় বরং লাভের জন্য তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ‘সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্ট’-এর নথি অনুসারে, মাস্কের আইনজীবীরা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আদালতে ফেব্রুয়ারিতে দায়ের করা মামলাটি খারিজ করার অনুরোধ করেন। তবে তারা কোনো কারণ উল্লেখ করেননি।
বুধবার নির্ধারিত সময়ের শুনানিতে মামলাটি খারিজের জন্য ওপেনএআইয়ের প্রস্তাব শুনতে সেখানে প্রস্তুত ছিলেন উচ্চ আদালতের বিচারক। তার আগে মঙ্গলবারেই মামলাটি প্রত্যাহার করে নেন মাস্ক।
ওপেনএআই বা মাস্কের কোনো আইনজীবী এ মামলা প্রত্যাহারের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
মামলাটি ‘উইদাউট প্রেজুডিস’ প্রত্যাহার করের নেন মাস্ক। যার মানে, মাস্ক অন্য যে কোনো সময় এ মামলাটি পুনরায় করতে পারবেন।
এ মামলাটিকে ওপেনএআইয়ের প্রতি মাস্কের দীর্ঘদিন ধরে চলমান বিরোধিতার চূড়ান্ত পরিণতি হিসাবে চিহ্নিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন মাস্ক। মাইক্রোসফটের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ পাওয়া কোম্পানিটি জেনারেটিভ এআইয়ের প্রতীক হয়ে উঠেছে।
গত জুলাইয়ে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ‘এক্সএআই’ প্রতিষ্ঠা করেন মাস্ক, যা মে মাসে ৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে ২৪ বিলিয়ন ডলারের পোস্ট-মানি ভ্যালুয়েশনে পৌঁছানোর জন্য।
মাস্কের দাবি, ওপেনএআইকে একটি ওপেন সোর্স ও অলাভজনক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন অল্টম্যান ও কোম্পানির আরেক সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান। তবে, ২০১৫ সালে যাত্রা শুরু করা কোম্পানিটি এখন অর্থ উপার্জনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।
মামলায় আরও অভিযোগ ছিল, প্রতিষ্ঠাকালীন ওই চুক্তির মাধ্যমে ২০২৩ সালে নিজেদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জিপিটি-৪’ বাজারে এনেছে ওপেনএআই, যা মূলত মাইক্রোসফটের পণ্য।
সেই সময় মাস্ক আদালতের এমন রায় চেয়েছেন, যেখানে নিজস্ব গবেষণা ও প্রযুক্তিগুলো জনসাধারণের সামনে তুলে ধরতে বাধ্য হবে ওপেনএআই, যা মাইক্রোসফট বা যে কোনও ব্যক্তির আর্থিক লাভের উদ্দেশ্যে জিপিটি-৪’সহ এ ধরনের প্রযুক্তি ব্যবহারে বাধা দেবে।
ওই মামলার বিষয়ে আদালতে ওপেনএআইয়ের যুক্তি ছিল, মামলাটি অসামঞ্জস্যপূর্ণ দাবির উপর ভিত্তি করে তৈরি এবং মাস্ক যে সম্ভাব্য প্রতিষ্ঠাকালীন চুক্তির কথা উল্লেখ করেছেন, তা স্রেফ ‘তার নিজের বাণিজ্যিক স্বার্থ এগিয়ে নেওয়ার’ লক্ষ্যে।
“ওপেনএআই যে বিস্ময়কর প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে তা দেখে মাস্ক এখন নিজের জন্যও সেইরকম সাফল্য চাচ্ছেন,” বলেছেন ওপেনএআইয়ের আইনজীবীরা৷
