০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় স্যামসাং, এসকে গ্রুপের সঙ্গে অল্টম্যানের বৈঠক

এ আলোচনায় এআইয়ের সাম্প্রতিক অগ্রগতি, সম্ভাব্য ব্যবসায়িক ক্ষেত্র এবং করপোরেট সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনায় এই প্রযুক্তির প্রভাব গুরুত্ব পেয়েছে।

দক্ষিণ কোরিয়ায় স্যামসাং, এসকে গ্রুপের সঙ্গে অল্টম্যানের বৈঠক

এর আগে, ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়া সফর করেছিলেন অল্টম্যান। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 07:07 PM

Updated : 02 Nov 2026, 07:07 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের চিপ সরবরাহ ও ডেটা সেন্টার অবকাঠামো জোরদারে হঠাৎ দক্ষিণ কোরিয়া সফর করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৈরি ‘স্টারগেইট’ উদ্যোগের ধারাবাহিকতায় এ সফরে তিনি দেশটির প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ও এসকে গ্রুপের শীর্ষ নির্বাহীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এ সফরে স্যামসাংয়ের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও এসকে গ্রুপের চেয়ারম্যান চে তাই-ওয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অল্টম্যান।

শনিবার স্যামসাং বলেছে, সিউলের দক্ষিণে অবস্থিত ইয়ংইনে আয়োজিত এ বৈঠকে স্যামসাংয়ের ইলেকট্রনিক্স, ফাইন্যান্স ও বায়োটেকনোলজিসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের প্রায় ৫০ জন শীর্ষ নির্বাহী উপস্থিত ছিলেন।

তাদের এ আলোচনায় এআইয়ের সাম্প্রতিক অগ্রগতি, সম্ভাব্য ব্যবসায়িক ক্ষেত্র এবং করপোরেট সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনায় এই প্রযুক্তির প্রভাব গুরুত্ব পেয়েছে।

শনিবার মধ্যাহ্নভোজের সময় এসকে গ্রুপের চেয়ারম্যান চে তাই-ওয়ানের সঙ্গেও বৈঠকে বসেন অল্টম্যান, যেখানে এসকে হাইনিক্স ও এসকে টেলিকম-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ হাই-ব্যান্ডউইথ মেমোরি সরবরাহ ও এআই ডেটা সেন্টার নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনাসহ এআই চিপ ও ডেটা সেন্টার খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করতে পারে।

তবে বৈঠকের সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিদের কেউই আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি। এদিকে, এ বৈঠকের সত্যতা নিশ্চিত করেনি এসকে হাইনিক্স।

এর আগে, ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়া সফর করেছিলেন অল্টম্যান।

ওই সময় তিনি দেশটির প্রেসিডেন্ট লি যে-মিয়ং, স্যামসাং ইলেকট্রনিক্সের কার্যকরী চেয়ারম্যান জে ওয়াই লি ও এসকে গ্রুপের চেয়ারম্যান চে তাই-ওয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

সেই সফরের অংশ হিসেবে ওপেনএআইয়ের ‘স্টারগেইট’ উদ্যোগের অধীনে স্যামসাং ও এসকে গ্রুপের সঙ্গে যৌথ অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়েছিল।

বিশ্বজুড়ে এআই সংক্রান্ত অবকাঠামোর পরিধি বাড়াতে ওপেনএআইয়ের নেওয়া ‘স্টারগেইট’ উদ্যোগে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যোগ হয়েছে দক্ষিণ কোরিয়া।

এই চুক্তির আওতায় উন্নত মেমোরি চিপ সরবরাহ ও এআই ডেটা সেন্টার নির্মাণের ওপর জোর দেওয়া হচ্ছে।

চুক্তি অনুসারে, স্যামসাং ও এসকে হাইনিক্স বিশ্ববাজারে চাহিদাসম্পন্ন উন্নত মেমোরি চিপের উৎপাদন কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি, ওপেনএআই ও তাদের দক্ষিণ কোরীয় অংশীদাররা সে দেশে এআই ডেটা সেন্টার গড়ে তোলার বিভিন্ন দিক ও সুযোগ পর্যালোচনায় রাজি হয়েছে।

দক্ষিণ কোরিয়া সফর ও উপস্থিতি বাড়ানোর বিষয়ে ওপেনএআই বলেছে, “এআই প্রযুক্তিতে বিশ্বমঞ্চে দেশটির সুদৃঢ় অবস্থান ও সরকারি-বেসরকারি খাতের বড় অংকের বিনিয়োগই প্রতিযোগিতায় দেশটিতে এগিয়ে থাকতে সাহায্য করছে।”

স্যামসাং বলেছে, এ বছরের জুলাইয়ে স্যান ফ্রান্সিসকোতে অবস্থিত ওপেনএআইয়ের সদর দপ্তরে স্যামসাংয়ের নির্বাহী চেয়ারম্যান জে ওয়াই লির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন স্যাম অল্টম্যান।

এর ধারাবাহিকতাতেই অল্টম্যানের এই সাম্প্রতিক সফর অনুষ্ঠিত হল।

নির্ধারিত কর্মসূচি শেষ করে শনিবার দক্ষিণ কোরিয়া ছেড়েছেন স্যাম অল্টম্যান।