২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য যাত্রায় ইউভেন্তুসের পাশে লেভারকুজেন

সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে টানা অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে শাবি আলোন্সোর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2024, 03:23 PM

Updated : 12 Apr 2024, 05:27 PM

মৌসুমের শুরু থেকে যে দাপট আর ধারাবাহিকতায় ছুটে চলেছে বায়ার লেভারকুজেন, তাতে এখন একের পর এক ধরা দিচ্ছে দলটির দারুণ সব অর্জন। সবশেষ, ইউরোপা লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে এক মৌসুমে টানা সর্বাধিক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে জার্মান ক্লাবটি।

ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগে শেষ দিকের গোলে ২-০ ব্যবধানে জিতেছে লেভারকুজেন। আগামী বৃহস্পতিবার ফিরতি লেগ হবে ওয়েস্ট হ্যামের মাঠে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে একমাত্র দল হিসেবে চলতি মৌসুমে এখনও অপরাজিত লেভারকুজেন। তাদের অজেয় যাত্রা এই নিয়ে স্পর্শ করল ৪২ ম্যাচের রেকর্ড; ২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি প্রথম গড়েছিল ইতালিয়ান ক্লাব ইউভেন্তুস।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে লেভারকুজেনের জয় পেতে বেশ ভুগতে হয়েছে। ম্যাচের শুরু থেকেই অবশ্য দাপট দেখায় তারা। পুরো ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ৩৩টি শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখে লেভারকুজেন, যেখানে ওয়েস্ট হ্যাম নিতে পারে একটি মাত্র শট।

কিন্তু, গোলের দেখা কিছুতেই মিলছিল না। ৭৬তম একসঙ্গে দুটি বদল করেন লেভারকুজেনকে বদলে দেওয়া কোচ শাবি আলোন্সো; মাঠে নামান ইয়োনাস হফমান ও ভিক্টর বোনিফেসকে। সেই সিদ্ধান্ত দারুণভাবে কাজে লেগে যায়। ৮৩তম মিনিটে জার্মান মিডফিল্ডার হফমান দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড বোনিফেস।

গত শনিবার মাঠে নেমেও একটি রেকর্ড ছুঁয়েছিল লেভারকুজেন। ইউনিয়ন বার্লিনকে সেদিন তারা ১-০ গোলে হারিয়ে স্পর্শ করেছিল বুন্ডেসলিগায় এক মৌসুমে শুরু থেকে টানা সর্বোচ্চ ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড; কোচ পেপ গুয়ার্দিওলার হাত ধরে ২০১৫-১৬ মৌসুমে যে রেকর্ডটি গড়েছিল বায়ার্ন মিউনিখ।

আগামী রোববার লিগে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে হার এড়াতে পারলেই একসঙ্গে ওই দুটি রেকর্ড নতুন করে লিখবে লেভারকুজেন। আর ঘরের মাঠে ম্যাচটি জিততে পারলেই তারা ইতিহাসে প্রথমবারের মতো উঁচিয়ে ধরবে বুন্ডেসলিগার ট্রফি।

লিগ টেবিলে বায়ার্নের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে গেছে লেভারকুজেন। ২৮ ম্যাচে আলোন্সোর দলের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে গত ১১ বারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৬০।