Published : 21 Jun 2023, 11:30 AM
জার্মান ফুটবলের অমানিশা কেবল যেন দীর্ঘই হচ্ছে। আশার আলোর কোনো চিহ্ন এখনও দেখা যাচ্ছে না। দুঃসময়ের চক্রে থাকা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার হেরে গেছে কলম্বিয়ার কাছে। ম্যাচ শেষে সেই হতাশা লুকালেন না জার্মানির কোচ হান্সি ফ্লিক। পরাজয়ের কারণ ব্যাখ্যাতেও তিনি পেলেন না বলার মতো খুব বেশি কিছু।
জার্মানির মাঠে মঙ্গলবার প্রীতি ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় কলম্বিয়া। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪তম মিনিটে গোল করে লাতিন দলকে এগিয়ে নেন লুইস দিয়াস। ৮২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান হুয়ান কুয়াদ্রাদো।
গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া জার্মানি এখনও নিজেদের হারিয়ে খুঁজছে। এক বছরই পরই ইউরো খেলবে তারা আয়োজক হিসেবে। কিন্তু দল এখনও দিশাহীন।
গত সপ্তাহে শেষ দিকে দুই গোল করে তারা কোনোরকমে ৩-৩ সমতায় শেষ করতে পারে ইউক্রেনের বিপক্ষে। গত শুক্রবার পোল্যান্ডের কাছে হেরে যায় ১-০তে। এরপর এই হার।
বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সফল দলটি সব মিলিয়ে সবশেষ ৫ ম্যাচে জিতেছে কেবল ১টিতে। সবশেষ ১১ ম্যাচে তাদের জয় ৩টি মোটে।
২০২১ সালে দায়িত্ব পাওয়া ফ্লিকের কোচিংয়ে একদমই ধারহীন জার্মানি। তার ওপর চাপ তাই বাড়ছে ক্রমাগত। কলম্বিয়ার কাছে হারের পর কোচ বললেন, কিছু পরীক্ষা-নিরীক্ষায় প্রত্যাশিত ফল মেলেনি এ ম্যাচে।
“অবশ্যই আমি ভীষণ হতাশ যে, আমরা যা করতে চেয়েছিলাম, তা করে দেখাতে পারিনি। কিছু কিছু ব্যাপার আমরা করার চেষ্টা করেছি, কিন্তু তা উল্টো ফল দিয়েছে।”
জার্মানির খেলায় আগের সেই ধার ও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া মানসিকতার প্রতিফলন পড়ছে না অনেক দিন ধরেই। দলে আত্মবিশ্বাসের অভাবও। ফ্লিক তা স্বীকার করে নিলেন। তবে সামনে তাকিয়ে কোচ শোনালেন আশার বাণী।
“কী আর বলতে পারি? এই মুহূর্তে কিছু বলার মতো যুক্তি আমাদের নেই। আমাদের বিশ্লেষণ করতে হবে, ভুল থেকে শিখতে হবে।”
“এই চক্র আমাদের ভাঙতে হবে। সেপ্টেম্বরে আমাদের ভিন্ন পারফরম্যান্স বয়ে আনতে হবে। তখন আমরা ভিন্ন একটি দলকে দেখতে পারব এবং ফলও আসবে। আমরা নিশ্চিত যে, খুব ভালো একটি দল ও ভালো সব ফুটবলার আমাদের আছে।”