২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জেতার জাদুকরী অনুভূতিতে বুঁদ মেসি

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ঘোর যেন এখনও কাটছে না আর্জেন্টাইন মহাতারকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 10:20 PM

Updated : 07 Jan 2023, 10:25 PM

কাতার বিশ্বকাপ শেষ হয়ে কেটে গেছে কয়েক সপ্তাহ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এখন আছেন তার ক্লাব পিএসজিতে। তবে তার মন এখনও পড়ে আছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটায়। জাদুকরী সেই সময়টা এখনও যেন বিশ্বাস হচ্ছে না এই মহাতারকার।

ক্লাব ফুটবলে অর্জনে ভরপুর মেসির ক্যারিয়ারে বড় এক হাহাকার ছিল বিশ্বকাপ জিততে না পারা। জাতীয় দলের হয়ে একটি শিরোপা জেতার আক্ষেপ অবশ্য মেটান ২০২১ সালে, কোপা আমেরিকা জিতে। তবে বিশ্বকাপ জেতার জন্য তার ব্যাকুলতা তাতে কমেনি একটুও।

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে তাই জাদুর ঝাঁপি খুলে দেন মেসি। গোল করে, করিয়ে, টুর্নামেন্টজুড়ে আলো ঝলমলে ফুটবল উপহার দিয়ে জিতে নেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তার দল জেতে বিশ্বকাপ শিরোপা।

এরপর পরিবার, পরিজনদের সান্নিধ্যে সময় কাটিয়ে সম্প্রতি পিএসজিতে ফিরেছেন মেসি। অনুশীলন করলেও এখনও মাঠে নামেননি রেকর্ড সাতবারের ব্যালন দ’র জয়ী এই খেলোয়াড়।

ক্লাবের হয়ে খেলার প্রস্তুতির মাঝে শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি স্মরণ করলেন বিশ্বকাপের স্মৃতি।

বিশ্ব সেরার ট্রফির সঙ্গে আননেল দি মারিয়া, রদ্রিগো দে পলদের নিয়ে কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, “আপনারা আমাকে কীভাবে বোঝাবেন যে জাদুর অস্তিত্ব নেই?”

লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পিএসজির পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ অঁজি। আগামী বুধবারের এই লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ৩৫ বছর বয়সী মেসি।