১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পথহারা ইউনাইটেডকে হারাল আতলেতিকো মাদ্রিদ

শেষের বেশ কিছুটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।

পথহারা ইউনাইটেডকে হারাল আতলেতিকো মাদ্রিদ

জয়ের পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 03:41 AM

Updated : 14 Oct 2026, 04:08 AM

এক ইংলিশ ক্লাবের বিপক্ষে হেরে আসর শুরুর পর, আরেক ইংলিশ ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের দেখা পেল আতলেতিকো মাদ্রিদ। ঘুরে দাঁড়ানোর অভিযানে তারা হারিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেডকে।

ঘরের মাঠে মঙ্গলবার ২-০ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। পাবলো বারিওস দলকে এগিয়ে নেওয়ার পর, শেষ দিকে ব্যবধান বাড়ান লুকমান।

লেনি ইয়েরো লাল কার্ড দেখায়, শেষের বেশ কিছুটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইউনাইটেডকে।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইল মাইকেল ক্যারিকের দল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল আতলেতিকো।

দুই ম্যাচে একটি করে জয়ে সমান ৩ পয়েন্ট এই দুই দলের। আরও অনেক দলেরও পয়েন্ট ৩। গোলের হিসেবে আতলেতিকো আছে ১৩ নম্বরে, ইউনাইটেড আছে সাত নম্বরে।

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ইউনাইটেড এখানে ম্যাচ শুরু হতেই রক্ষণে গড়বড় পাকিয়ে গোল খেয়ে বসে। ম্যাচের ঘড়িতে সময় তখন ৪৭ সেকেন্ড!

ডি-বক্সে প্রতিপক্ষের মুভমেন্ট বুঝে উঠতে না পেরে বাঁ পাশের পোস্টের কাছে চলে যান গোলরক্ষক, সতীর্থের পাস ফাঁকায় পেয়েই শট নেন পাবলো বারিওস, ডিফেন্ডার হেভেন তড়িৎ চেষ্টায় বলের গতি কমালেও, ঠিকই তা গোললাইন পেরিয়ে যায়।

চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকোর এটা দ্বিতীয় দ্রুততম গোল। গত বছরের মার্চে রেয়াল মাদ্রিদের বিপক্ষে কনর গ্যালাঘারের ২৭ সেকেন্ডের গোলটি সবচেয়ে দ্রুততম।

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো, তবে কোনোমতে সে যাত্রায় বেঁচে যায় ইউনাইটেড। ডি-বক্সের ডান দিকে ফ্রি কিক পায় আতলেতিকো; আলেখান্দ্রো গ্রিমাল্দোর বাঁকানো শট দুইজনের রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে গিয়ে পোস্ট ও ক্রসবারের সংযোগস্থলে লাগে।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে আবারও পোস্টে বল লাগার হতাশায় পোড়ে আতলেতিকো। দূরের পোস্টে দারুণ পাস বাড়ান বারিওস, সেখানে হুলিয়ান আলভারেসের ভলি পোস্টে প্রতিহত হয়।

তিন মিনিট পর দারুণ একটি সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। গোলরক্ষককে এগিয়ে থাকতে দেখে তার ওপর দিয়ে শট নেন ব্রুনো ফের্নান্দেস, একটুর জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। ৭০তম মিনিটে তাদের সামনে দুর্ভাগ্য বার্ধা হয়ে দাঁড়ায়; ডি-বক্সের বাঁ দিক থেকে ফের্নান্দসের জোরাল শট ক্রসবার কাঁপায়।

এর কিছুক্ষণ পরই বড় ধাক্কাটা খায় ইউনাইটেড। ৭৪তম মিনিটে মাঝমাঠে সতীর্থের পাস ধরে সবাইকে পেছনে ফেলে দৌড় দেন লুকমান, পেছন থেকে তাকে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন লেনি ইয়োরো।

৭৯তম মিনিটে ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর আশাও প্রায় শেষ করে দেন লুকমান। ডেভিডের শট গোলরক্ষক আটকালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, আলগা বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন নাইজেরিয়ান উইঙ্গার লুকমান।

পুরানো খবর:

আর্সেনালের ৭ মিনিটের ঝড়ে উড়ে গেল লিল
দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
ওলিসের লাল কার্ড, ৬ গোলের লড়াইয়ে বায়ার্নকে রুখে দিল ভাইকিং