ওলিসের লাল কার্ড, ৬ গোলের লড়াইয়ে বায়ার্নকে রুখে দিল ভাইকিং
৩৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নরওয়ের ক্লাবটি মূল্যবান পয়েন্ট আদায় করে নিল।
প্রথমার্ধে দুইবার বায়ার্ন মিউনিখের জালে বল পাঠিয়ে চমকে দিল ভাইকিং। বিরতির পর হ্যারি কেইনের জোড়া গোলে পাল্টা জবাব দিল জার্মান চ্যাম্পিয়নরা। একপর্যায়ে এগিয়েও গেল তারা, কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরেকটি গোল করে মূল্যবান পয়েন্ট আদায় করে নিল নরওয়ের চ্যাম্পিয়নরা।
ভাইকিংয়ের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
মাইকেল ওলিসে লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে বায়ার্নকে।
দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ভাইকিং। ৩৮তম মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলে তারা। ৫৪তম মিনিটে ব্যবধান কমান কেইন। পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে সমতা টানেন এই ইংলিশ তারকা।
জোড়া গোলের সুবাদে ৩০ বছর বয়সে পা রাখার পর চ্যাম্পিয়ন্স লিগে ৪০ ম্যাচে কেইনের গোলসংখ্যা দাঁড়াল ৩৬টি। প্রতিযোগিতাটিতে ত্রিশোর্ধ্ব বয়সে লিওনেল মেসির ৩৫ গোলের আগের রেকর্ডটি ছাড়িয়ে গেলেন তিনি।
৭১তম মিনিটে লুইস দিয়াসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এর মিনিট খানেক পরই, হাত দিয়ে প্রতিপক্ষের মুখে বল মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ওলিসে।
আর ৯০তম মিনিটে হেডে গোল করে স্বাগতিকদের পয়েন্ট এনে দেন হেরমান হাউগেন।
২০১৮ সালে নরওয়ের দ্বিতীয় বিভাগে ছিল ভাইকিং।
গত মৌসুমে ৩৪ বছর পর নরওয়ের শীর্ষ লিগের শিরোপা জিতে ওই একই সময়ের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে ফেরে ভাইকিং। প্রথম ম্যাচে স্টুটগার্টের মাঠে ৩-১ গোলে হেরে যায় তারা। এবার ঘরের মাঠে খেলতে নেমেই তারা রুখে দিল ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্নকে।
