২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিরোনার বিপক্ষে বেনজেমা ও কামাভিঙ্গাকে পাচ্ছে না রিয়াল

হালকা চোট পাওয়া এই দুই ফুটবলারকে নিয়ে ঝুঁকি নিতে চান না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 07:12 PM

Updated : 24 Apr 2023, 07:12 PM

লা লিগার শিরোপা আশা বলতে গেলে নেই রিয়াল মাদ্রিদের। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে তারা। কার্লো আনচেলত্তিও সামনের পথচলার কথা ভেবে হালকা চোট পাওয়া করিম বেনজেমা ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে নিয়ে ঝুঁকি নিতে চান না। দুজনকে বাইরে রেখে তাই কষছেন জিরোনার বিপক্ষে ম্যাচের ছক। 

লা লিগায় মঙ্গলবার জিরোনার মাঠে খেলতে যাবে রিয়াল। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার ঘ্রাণ পাচ্ছে বার্সেলোনা। 

জিরোনা ম্যাচের পর লিগে আলমেইরার বিপক্ষে খেলবে রিয়াল। এরপর কোপা দেল রের ফাইনালে ওসাসুনা এবং চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে আনচেলত্তির দল। 

সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কারণে বেনজেমা ও কামাভিঙ্গাকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না আনচেলত্তি। আলমেইরার বিপক্ষে ম্যাচের আগে দুজনে দলে ফিরবেন বলেও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করলেন তিনি। 

“বেনজেমা ও কামাভিঙ্গা জিরোনার বিপক্ষে ম্যাচে খেলবে না। দানি সেবাইয়োস দলে ফেরার সংকেত পেয়েছে। সেল্তা ভিগো ম্যাচে কামাভিঙ্গা পুরো সময় খেলেছিল, কিন্তু সে পরে কিছুটা অস্বস্তিবোধ করে। আশা করি, তাদেরকে আলমেইরার বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে।” 

“(জিরোনা ম্যাচে) ফেরলঁদ মঁদি ও আলাবাও খেলবে না। আলাবা ভালোভাবে সেরে উঠছে এবং আমি মনে করি না, কোপা দেল রের ফাইনালে খেলতে তার সমস্যা হবে।” 

বেনজেমার চোট নিয়ে বিস্তারিত বলেননি আনচেলত্তি। তবে ইঙ্গিত দিয়েছেন আলমেইরা ম্যাচে ফরাসি স্ট্রাইকারকে পাওয়ার। 

“বেনজেমার হালকা চোট যদি সেরে ওঠে, তাহলে সে আলমেইরার বিপক্ষে খেলবে। সে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ম্যাচগুলোতে চমৎকার পারফরম্যান্স সে দেখিয়েছে এবং তা ধরে রাখতে হলে বিশ্রাম নয়, খেলা চালিয়ে যেতে হবে। ফিট থাকলে সে খেলতে চায় এবং আমাদের সবার চাওয়া একই।” 

লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধানে দুই দলের মান প্রতিফলিত হচ্ছে না বলেও মনে করেন আনচেলত্তি। নিজের মনোভাবের পক্ষে যুক্তি দেখাতে ক্লাসিকোর উদাহরণও টানলেন এই ইতালিয়ান কোচ। 

“যদি আপনারা এই দুটি দলের মান নিয়ে কথা বলেন, তাহলে আমাদের মধ্যে কোনোভাবেই ১১ পয়েন্টের ব্যবধান হওয়া উচিত নয় এবং সেটা আমাদের মধ্যেকার ম্যাচগুলোতেই পরিষ্কার। দুটিই সমমানের দল এবং পয়েন্টের যে ব্যবধান, সেটা হয়েছে আমাদের ছোট-খাট ভুলের কারণে। আমরা এই ব্যবধান কমাতে চাই।”