২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাকানায় লড়াইয়ের ভেতর লড়াই

জার্মানি-আর্জেন্টিনার ফাইনালে হাতছানি মহাকাব্যিক এক যুদ্ধের। এর মধ্যেই লিওনেল মেসি, মাসচেরানো, রোহোদের সঙ্গে হুমেলস, খেদিরা, মুলারদের খণ্ডযুদ্ধগুলোও  কিন্তু অন্য একটি মাত্রা যোগ করবে মারাকানার ফাইনালে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 03:53 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

লিওনেল মেসি বনাম সামি খেদিরা

লিওনেল মেসিকে নিষ্প্রভ রাখাই জার্মান কোচের চিন্তায় প্রাধান্য পাওয়ার কথা। ইওয়াখিম লুভ এক্ষেত্রে অনুসরণ করতে পারেন লুইস ফন গালের কৌশল। একজন ফুটবলার দিয়ে আর্জেন্টাইন জাদুকরকে আটকে রাখার পরিকল্পনা বাদ দিয়ে বরং নিতে পারেন দলগতভাবে ঠেকানোর পরিকল্পনা।

তারপরও পুরোপুরি ‘জোনাল মার্কিং’-এ না গিয়ে ‘ম্যান টু ম্যান মার্কিং’-এর সঙ্গে এর মিশ্রণ ঘটাতে পারেন জার্মান কোচ। বিশ্বকাপে মেসি খেলছেন একটু পেছনে নেমে, প্লে-মেকার হিসেবে। ডাচরা তাই নাইজেল দি ইয়োংকে লাগিয়ে লেগেছিল তার পেছনে। জার্মানির হয়ে সে দায়িত্ব বর্তাতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডার সামি খেদিরার উপর। ব্রাজিলের বিপক্ষে তিনি খেলেছেন দুর্দান্ত। দায়িত্ব পালনে লেফট ব্যাকে খেলা বেনেডিক্ট হুভেডেসেরও সাহায্য পাবেন খেদিরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে নড়াচড়ার জায়গা দেননি হুভেডেস।

আর মেসি যদি ওই ন্যূনতম জায়গা পেয়ে যান, মুহূর্তের জাদুতে ফাইনালে ভাগ্য গড়ে দিতে পারবেন।

গনসালো হিগুয়াইন বনাম মাটস হুমেলস

শুধু প্রথম ম্যাচে নেমেছিলেন বদলি হিসেবে। পরের সবগুলো খেলায় একাদশে ছিলেন গনসালো হিগুয়াইন। অবশ্য গোল বলতে কেবল কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে লক্ষ্যভেদটি। তার কাছে দলের প্রত্যাশার তুলনায় এই পারফরম্যান্স বেশ বিবর্ণ।

ফাইনালে কোচের আস্থার প্রতিদান দেওয়ার পালা হিগুয়াইনের। জার্মান সেন্টার হাফ মাটস হুমেলসের বিপক্ষে লড়তে হবে তাকে। আত্মবিশ্বাসে ঘাটতি অবশ্য থাকবে না। কারণ গত মৌসুমের ক্লাব ফুটবলের দ্বৈরথে জয় ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডেরই। চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নাপোলির ২-১ গোলের জয়ে প্রথম গোলটি করেছিলেন হিগুয়াইন।

তবে ব্রাজিল বিশ্বকাপ বিবেচনায় আর্জেন্টাইন ফরোয়ার্ডের চেয়ে জার্মান ডিফেন্ডার আছেন ঢের ভালো ফর্মে। বাতাসে দুরন্ত হুমেলস, মাটিতেও প্রতিপক্ষকে এক ইঞ্চি জায়গা ছাড় দেন না তিনি। তার সঙ্গে সরাসরি লড়াইয়ে না পারলে ভিন্ন পথে হাঁটতে পারেন হিগুয়াইন। হুমেলসকে পজিশনের বাইরে টেনে এনে লিওনেল মেসি কিংবা এসেকিয়েল লাভেস্সির জন্য জায়গা তৈরির কৌশলও তাকে বাতলে দিতে পারেন কোচ।

মার্কোস রোহো বনাম টমাস মুলার

এই টুর্নামেন্টেরই অন্যতম সেরা খেলোয়াড় টমাস মুলার; সেটি শুধু পাঁচ গোল করা এবং গোলে তিন সহায়তার কারণে না। গতি, জায়গা বের করার ক্ষমতা ও ঠিক সময়ে ঠিক জায়গায় থাকার সামর্থ্যের কারণেও। জার্মানির অন্যতম এই বড় ‘অস্ত্র’কে আর্জেন্টিনার জন্য ‘মারণাস্ত্র’ না হয়ে উঠতে দেওয়ার চ্যালেঞ্জ ফাইনালে মার্কোস রোহোর।

জার্মানির অ্যাটাকিং থার্ডের ফুটবলাররা জায়গার অদল-বদল করেন প্রতিনয়ত। তবে বিশ্বকাপের আগের ম্যাচগুলোয় বেশিরভাগ সময় ডান দিক দিয়ে আক্রমণে ঢুকেছেন মুলার। যে কারণে আর্জেন্টিনার লেফট ব্যাক রোহোর দায়িত্ব থাকবে তাকে আটকানোর। ব্রাজিলে পারফরম্যান্সের বিচারে নিজ পজিশনে অন্যতম সেরার দাবিদার রোহো। পর্তুগাল-ব্রাজিলের বিপক্ষে যেমন বিধ্বংসী হয়ে উঠেছিলেন মুলার, আর্জেন্টিনার বিপক্ষে সেটি ততটা তাই সহজ হবে না। সেটা রোহো আছেন বলেই!

হাভিয়ের মাসচেরানো বনাম টনি ক্রুস

লিওনেল মেসির নামটা আসবে সবার আগে। তবে আর্জেন্টিনার ফাইনাল খেলায় হাভিয়ের মাসচেরানোর অবদানও কম না। সেমি-ফাইনালে আরিয়েন রবেনের গোলমুখী প্রচেষ্টা শেষ মুহূর্তের অসাধারণ ট্যাকলে ফিরিয়েছিলেন যে তিনিই। ওদিকে শেষ চারের লড়াইয়ে ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ায় জার্মানির মূল কারিগর ছিলেন টনি ক্রুস। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঝমাঠে অমনভাবে ছড়ি ঘোরানোর পথে বড় বাধা হবেন মাসচেরানো।

সেমিতে ওই ট্যাকেলটিই শুধু করেননি আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার, সামগ্রিকভাবে স্নেইডার-রবেনকে অকার্যকর করায় রেখেছিলেন ভূমিকা। ক্রুসের আশেপাশে জায়গা আটকে দেওয়ার দায়িত্বটা আজ থাকবে তার। এই সৃজনশীল মিডফিল্ডার যদি পাসের মালা ছড়িয়ে দিতে না পারেন, তাহলে জার্মানির খেলার ধার কমে যাবে অনেকটা। সেটি কি আর খেয়াল করেননি আলেহান্দ্রো সাবেইয়া! ক্রুসের পেছনে তাই মাসচেরানোকে লাগিয়ে রাখতে পারেন তিনি।