ডাইভের জন্য ক্ষমা চাইলেন রবেন
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি আদায়ের লক্ষ্যে 'ডাইভ' দেয়ার জন্য ক্ষমা চেয়েছেন আরিয়েন রবেন। তবে ম্যাচের ফল নির্ধারক পেনাল্টি এনে দেয়া ফাউলটিতে তিনি ডাইভ দেননি বলেই দাবি নেদারল্যান্ডসের এই উইঙ্গারের।
রোববার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে যোগ করা সময়ে রাফায়েল মার্কেস ডি বক্সে রবেনকে ফাউল করলে পেনাল্টি পায় নেদারল্যান্ডস। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইয়ান ক্লাস হুন্টেলার। ২-১ গোলে জিতে শেষ আটে ওঠে নেদারল্যান্ডস।
ম্যাচ শেষে মেক্সিকো কোচ মিগেল এররেরা অভিযোগ করেন, ম্যাচে রবেন তিনবার ডাইভ দেন।
পরে ডাচ একটি টেলিভিশন চ্যানেলকে রবেন বলেন, "আমার ক্ষমা চাওয়া উচিত। প্রথমার্ধে আমি একটি ডাইভ দিয়েছি। শেষেরটা কিন্তু পেনাল্টিই ছিল।"
এররেরা মনে করেন বায়ার্ন মিউনিখের তারকা রবেনকে আগেই শাস্তি দেয়া উচিত ছিল।
"যে প্রতারণা করার চেষ্টা করে, তাকে সতর্ক করা উচিত এবং এরপরও রবেন এটা করার পর তাকে লাল কার্ড দেখানো উচিত ছিল।"
এক্তর মোরেনোর ট্যাকলে মাঠে পড়ে গেলেন রবেন, তবে এটাতে ফাউল পাননি তিনি।
জিওভানি দস সান্তোসের গোলে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ম্যাচে এগিয়ে যায় মেক্সিকো।
ভেসলি স্নেইডারের অসাধারণ এক শটে সমতায় ফেরে ডাচরা। তবে এর আগেই একবার মেক্সিকোর পেনাল্টি বক্সের মধ্যে পড়ে যান রবেন। তখন তাকে ট্যাকল করেছিলেন মিগেল লায়ুন।
এবার রবেনকে ট্যাকল করলেন মিগেল লায়ুন, বক্সের মধ্যে এটিতেও ফাউল পাননি ডাচ ফরোয়ার্ড।
রবেনকে মার্কেসের বাধা, পড়ে গেলেন ডাচ ফরোয়র্ড: রেফারি এবার পেনাল্টির বাঁশি বাজালেন।
ম্যাচ শেষে রবেন নাকি মার্কেসের কাছে স্বীকার করেন, ভাগ্যের কারণেই তিনি পেনাল্টি পান।
বার্সেলোনার সাবেক ডিফেন্ডার বলেন, "ম্যাচ শেষে আমি রবেনের সঙ্গে কথা বলেছি এবং সে আমাকে বলেছে, এটা পেনাল্টি ছিল না।"
পুরো বিষয়টি এররেরাকে ক্ষুব্ধ করে তুলেছে। ম্যাচ শেষে রেফারিকে নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
"ফিফা কেন নেদারল্যান্ডসের মহাদেশের রেফারি বেছে নিল? কেন তারা দক্ষিণ আমেরিকা, এশিয়া বা আফ্রিকার রেফারি নিল না?"
এররেরার অভিযোগ-শুধু এ ম্যাচই নয়, এর আগেও বাজে রেফারিংয়ের শিকার হয়েছে তার দল।
"সন্দেহমূলক সিদ্ধান্তগুলো সবসময়ই আমাদের বিপক্ষে গেছে। তিনটি ম্যাচে ভয়ঙ্কর রেফারিংয়ের শিকার হয়েছি আমরা। বাঁশিওয়ালা লোকটাই আমাদের ছিটকে ফেলল। আমি চাই রেফারি কমিটি বিষয়টি দেখুক এবং আমাদের মতো রেফারিও বাড়ি ফিরে যাক।"
