রেফারিকে দুষলেন মেক্সিকো কোচ
দ্বিতীয় রাউন্ড থেকে মেক্সিকোর ছিটকে পড়ার জন্য রেফারিকে দায়ী করেছেন দলটির কোচ মিগেল এররেরা।
রোববার শেষ ষোলোর লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় মেক্সিকো।
দ্বিতীয়ার্ধের শুরুতে জিওভানি দস সান্তোসের গোলে এগিয়ে যাওয়ার পর জয়টা প্রায় হাতের মুঠোয় পুড়ে ফেলেছিল মেক্সিকো। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সব ভেস্তে যায়।
৮৮তম মিনিটে স্নেইডারের বুলেট শটে সমতায় ফেরে নেদারল্যান্ডস। আর যোগ করা সময়ে রাফায়েল মার্কেস ডি বক্সে আরিয়েন রবেনকে ফাউল করলে পেনাল্টি পায় নেদারল্যান্ডস। রবিন ফন পের্সির বদলি নামা ক্লাস-ইয়ান হুন্টেলারের সফল পেনাল্টিতে বিদায় নিশ্চিত হয়ে যায় মেক্সিকোর।
রেফারির ওই পেনাল্টির সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন এররেরা।
“মনে হচ্ছে রেফারির জন্যেই আমরা হেরেছি। তিনিই আমাদের বিশ্বকাপের পরের ধাপে যাওয়া থেকে ছিটকে ফেলেছেন।”
এররেরা আরো বলেন, “সে (রবেন) তিনবার ‘ডাইভ’ দিয়েছে, প্রথমবারই রেফারির উচিত ছিল তাকে সতর্ক করা।”
এররেরার মতে, রেফারি যদি এমন সব ফাউল ধরতে থাকে যা আসলে হয়নি কোনো দলের বিশ্বকাপ থেকে ছিটকে পড়াটা, তাদের নিজেদের হাতে থাকে না। ক্ষুব্ধ এররেরা টুর্নামেন্টের রেফারি পর্ষদের কাছে এই ম্যাচের রেফারি পেদ্রো প্রোয়েনকাকে বরাখাস্তেরও দাবি জানান।
শুধু এই ম্যাচেই নয়, গ্রুপ পর্বের তিন ম্যাচসহ যে চারটি ম্যাচ মেক্সিকো খেলেছে তার তিনটিতেই রেফারির সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে বলে দাবি করেন এররেরা।
