Published : 07 Jun 2026, 08:08 PM
বিশ্বকাপে নিজেদের গ্রুপকে বেশ কঠিন মনে হচ্ছে মিশরের কোচ হোসাম হাসানের। আর সেখানে তাদের প্রথম বাধা বেলজিয়াম। এই লড়াইকে নিজেদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা বলছেন তিনি।
আগামী ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশর। ‘জি’ গ্রুপে সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ নিউ জিল্যান্ড ও ইরান।
উত্তর আমেরিকা বিশ্বকাপে যাত্রা শুরু করার আগে রোববার শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় মিশর। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলে হারের পর, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে কথা বলেন ১৯৯০ সালে বিশ্ব মঞ্চে খেলা হাসান।
“বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে আমাদের উদ্বোধনী ম্যাচ অত্যন্ত কঠিন হবে। আর এই গ্রুপটি বেশ শক্তিশালী এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে তুমুল।”
ব্রাজিলের বিপক্ষে এদিন দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। গোল না পেলেও ভালোই খেলেন তিনি। নিজেদের চতুর্থ বিশ্বকাপ শুরু করার আগে অধিনায়ককে ফিট অবস্থায় পেয়ে খুশি মিশরের কোচ।
“লিভারপুলের পর জাতীয় দলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিল সালাহ। এখন সে ম্যাচ খেলার জন্য প্রস্তুত।”