Published : 08 Jun 2026, 01:11 AM
শ্রীলঙ্কায় এক মাসের জন্য ঘুরতে যাওয়া ৪০ দেশের পর্যটকদের জন্য ভিসা ফি মওকুফ করলেও সেই তালিকায় নেই বাংলাদেশ।
ওই ৪০ দেশের ইলেকট্রিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ইস্যু করার ক্ষেত্রে ভিসা ফি না নেওয়ার সিদ্ধান্ত গত ২৫ মে থেকে কার্যকর করেছে দেশটি।
ওই সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিকদের ভিসা ফিতে ছাড় দিয়েছে শ্রীলঙ্কা।
আর ছাড় না পাওয়ার বাংলাদেশিদের পাশাপাশি আফগানিস্তান ও ভুটান নাগরিকদেরকে ভিসা ফি দিতে হবে।
শ্রীলঙ্কা সরকারের ওই ঘোষণায় দেখা যায়, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মালদ্বীপের নাগরিকদের এমনিতে ভিসা ফি দিতে হয় না।
শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারার মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে সার্কভুক্ত দেশের জন্য ফি ২০ ডলার; আর অন্যদের জন্য ৫০ ডলার।
দক্ষিণ এশিয়ার তিন দেশ ছাড়াও ভিসা ফি থেকে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
নতুন সিদ্ধান্তের ঘোষণায় বলা হয়, এই ৪০ দেশের কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, চাকরি বা সাধারণ পাসপোর্টধারী সবাই ফি মওকুফের সুবিধা পাবেন।
আর ৩০ দিনের বেশি থাকার জন্য ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে তাদের থেকেও নির্দিষ্ট ফি নেওয়ার কথা বলা হয়েছে ওই ঘোষণায়।
ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, ভিসা ফি মওকুফের এই সিদ্ধান্ত ২০২৪ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে চালু করেছে শ্রীলঙ্কা সরকার। তখন থেকেই চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা এ সুবিধা পেয়ে আসছিলেন।