Published : 06 Jun 2026, 07:51 PM
বিশ্বকাপ শুরুর কাছাকাছি এসে বড় একটি ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। অনুশীলনে পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে আছেন দলটির ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনার শেষ অনুশীলন সেশনে শুক্রবার চোট পান বালের্দি। ফলে মার্সেইয়ের এই সেন্টার-ব্যাক অনুশীলন শেষ করতে পারেননি। পরীক্ষায় তার চোটের মাত্রা নিশ্চিত হয়েছে, অন্তত ২১ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে সিদ্ধান্ত নিতে হবে যে, বালের্দিকে দলে রাখবেন নাকি বাদ দিয়ে তার বদলি খুঁজবেন। বদলি হিসেবে ৫৫ জনের প্রাথমিক তালিকা থেকে খেলোয়াড় নিতে হবে। সেক্ষেত্রে এগিয়ে রয়েছেন মার্কোস সেনেসি।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী বালের্দি।
বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের পর, মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে স্কালোনির দল।