Published : 05 Jul 2026, 08:59 AM
‘ফেভারিট’ দলগুলোর একটি হয়ে বিশ্বকাপে পা রাখা, কিন্তু শুরুটা কেইপ ভার্ডের বিপক্ষে ড্রয়ের ধাক্কা দিয়ে। এরপর সময় যত গড়িয়েছে, স্পেন নিজেদের ফিরে পেতে শুরু করেছে। গ্রুপ পর্ব পেরিয়ে, শেষ বত্রিশের বাধা ডিঙিয়ে, লুইস দে লা ফুয়েন্তের দল এখন শেষ ষোলোর লড়াইয়ের অপেক্ষায়। প্রতিপক্ষ পর্তুগাল।
শুরুর ওই হোঁচট সামলে নিয়ে, গ্রুপের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। এরপর উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে, ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে নকআউটে আসে ‘লা রোজা’রা।
শেষ বত্রিশের লড়াইয়ে অস্ট্রিয়া বাধা স্পেন পার হয় অনায়াসে, ৩-০ ব্যবধানে জিতে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। মিকেল ওইয়ারসাবাল করেন জোড়া গোল, পেদ্রো পররো জালের দেখা পান একবার। এরপর থেকেই বলা হচ্ছে ‘চ্যাম্পিয়নরা ফিরে এসেছে।’
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ছোটা স্পেন, এখন পর্যন্ত টানা ৩৪ ম্যাচ অপরাজিত। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ডালাসে পর্তুগালের মুখোমুখি হবে তারা। ৭ জুলাই ১টায় (এএম) শুরু হবে ম্যাচটি।
২০২৪ সালে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে স্পেন যে মানদণ্ড দাঁড় করায়, কেইপ ভার্ড ম্যাচের ড্রয়ে তা নিয়ে একটু সন্দেহ তৈরি হয়েছিল। টুর্নামেন্ট শুরুর দিকে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসদের চোট নিয়েও অস্বস্তিকর অবস্থায় ছিল দলটি। সেই অস্বস্তি কেটে গেছে ইতোমধ্যে।
ওইয়ারসাবাল এ পর্যন্ত চারটি গোল করেছেন। একটি করে গোল পেয়েছেন ইয়ামাল, পররো ও অ্যালেক্স বায়েনা।
বলের ওপর আগের মতো নিয়ন্ত্রণ, গতি, ধারাল আক্রমণ- সবই ফিরে পেতে শুরু করেছে স্পেন। ইয়ামালের ফিট হয়ে ওঠা, বাকিদেরও নিজেদের ফিরে পাওয়া- সব ইঙ্গিতই মিলেছে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। শুরুটা একটু ধীরলয়ে হলেও, পরে দাপুটে ও ছন্দময় ফুটবল খেলে সহজ জয় তুলে নেয় দে লা ফুয়েন্তের দল।
ওই ম্যাচে অস্ট্রিয়া একটা শটও লক্ষ্যে রাখতে পারেনি। তাদের এই না পারা স্পেনের রক্ষণের দৃঢ়তা এবং ম্যাচে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণও ফুটিয়ে তোলে।
দলের এই দাপুটে পারফরম্যান্স তুলে ধরেছে স্পেনের গণমাধ্যমও। মাদ্রিদ ভিত্তিক সংবাদপত্র এএস-এর শিরোনাম ছিল, ‘চ্যাম্পিয়নরা ফিরে এসেছে’ এবং ‘প্রতিশ্রুত স্পেন।’ মার্কা লিখেছিল ‘লস অ্যাঞ্জেলেসে ছিল শো-টাইম’ আর এল পাইস শিরোনাম করেছিল, ‘স্পেন তার জাদু ফিরে পেয়েছে’।
ছন্দ ফিরে পাওয়া স্পেনকে হয়তো এবার কঠিন পরীক্ষা দিতে হবে। গত বছর নেশন্স লিগের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল। সাম্প্রতিক সময়ে দে লা ফুয়েন্তের দাপুটে দলের জন্য সেটি ছিল বড় ধাক্কা খাওয়ার ঘটনা।
যদিও চলতি আসরে পর্তুগাল এখনও নিজেদের সেরাটা মেলে ধরতে পারেনি। দলে তারকা ফুটবলারদের সমাহার থাকলেও, নিজেদের মধ্যে বোঝাপড়ার ঘাটতিই বেশি ভোগাচ্ছে তাদেরকে।
তবে শেষ বত্রিশে ক্রোয়েশিয়ার বিপক্ষে জমজমাট লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও মাতিয়াস রামোসের গোলে ২-১ ব্যবধানে জিতে এখন আত্মবিশ্বাসে ফুটছে পর্তুগাল। ডালাসের ম্যাচটি তাই স্পেনের জন্য হয়তো কঠিন পরীক্ষাই হতে যাচ্ছে।