Published : 06 Jul 2026, 11:11 PM
দুই দলের মুখোমুখি লড়াইয়ের শুরুটা হয়েছিল বিশ্বকাপ দিয়ে। এবার আরেকটি বিশ্বকাপে দেখা হচ্ছে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের।
সিয়াটলে শেষ ষোলোর ম্যাচটি শুরু হবে ৭ জুলাই ৬টায় (এএম)।
এর আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:
৭
এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে দল দুটি। প্রথম দেখায় ১৯৩০ সালের বিশ্বকাপে ৩-০ গোলে জিতেছিল যুক্তরাষ্ট্র। তারপর থেকে টানা ছয় ম্যাচ জিতেছে বেলজিয়াম।
সবশেষ দেখায় গত মার্চে ঘরের মাঠে ৫-২ গোলে হেরেছিল যুক্তরাষ্ট্র।
৩
বিশ্বকাপে এটি হবে দুই দলের তৃতীয় সাক্ষাৎ। ১৯৩০ সালের পর ২০১৪ সালে শেষ ষোলোয় মুখোমুখি হয় তারা, ম্যাচটি ২-১ গোলে জিতেছিল বেলজিয়াম।
৭
এই নিয়ে সপ্তমবার বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে যুক্তরাষ্ট্র। আগের ছয়বারের পাঁচটিতে তারা হেরেছে। শুধু ২০০২ সালে মেক্সিকোর বিপক্ষে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল দলটি।
১৯৩০ সালের বিশ্বকাপে যদিও সেমি-ফাইনালে খেলেছিল যুক্তরাষ্ট্র। তবে সেবার নকআউট পর্ব শুরুই হয়েছিল সেমি-ফাইনাল থেকে, শেষ ষোলো বা কোয়ার্টার-ফাইনাল ছিল না।
৭
অন্যদিকে, বেলজিয়াম বিশ্বকাপের নকআউটে তাদের সবশেষ সাত ম্যাচের পাঁচটিতে জিতেছে।
৪
শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচের দলের প্রথম গোলটি কার পর, লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারাইন বালোগন। বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করার পরও মাঠ থেকে বহিষ্কৃত হওয়া চতুর্থ খেলোয়াড় তিনি। আগের তিন জন ছিলেন গ্রেট ফুটবলার: জিনেদিন জিদান (২০০৬ ফাইনাল), রোনালদিনিয়ো (২০০২ কোয়ার্টার-ফাইনাল) ও গারিঞ্চা (১৯৬২ সেমি-ফাইনাল)।
লাল কার্ডের জন্য স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান বালোগন। কিন্তু বিস্ময়করভাবে তার এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করছে ফিফা। ফলে, বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন আসরে দলের হয়ে সর্বোচ্চ তিন গোল করা ২৫ বছর বয়সী এই ফুটবলার।