Published : 06 Jul 2026, 11:46 PM
যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারাইন বালোগনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের অনুলিপি চেয়ে ফিফার কাছে চিঠি পাঠায় রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ)। কিন্তু কোনো ব্যাখ্যা না দিয়ে বরং তাদের ওই চিঠিকে অগ্রহণযোগ্য আপিল হিসেবে গণ্য করে, প্রত্যাখ্যান করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বিষয়টি পর্যালোচনা করার জন্য অনুরোধ করার পর, ফিফা বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং তাকে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার অনুমতি দেয়।
শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বালোগন। নিয়ম অনুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয় তার। তবে রোববার ফিফা জানায়, এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত বেলজিয়াম দলে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বেলজিয়ান ফেডারেশন দীর্ঘ বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আরবিএফএ বলেছে, ফিফার পক্ষ থেকে কোনো তথ্য সরবরাহ না করায় তাদের পদক্ষেপ নেওয়ার জন্য ‘মাত্র কয়েক ঘণ্টা’ সময় ছিল।
ফিফা তাদের আপিল করার অনুমতি দিয়েছে, এমন খবরও অস্বীকার করেছে আরবিএফএ।
সোমবার সকালে বিবৃতিতে বলা হয়েছে, “সংবাদমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে খেলোয়াড় বালোগনের ওপর থেকে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফিফার সিদ্ধান্ত জানার পর, আরবিএফএ ফিফাকে একটি চিঠি পাঠিয়ে সিদ্ধান্তের একটি অনুলিপি, অনুসরণ করা প্রক্রিয়ার ব্যাখ্যা এবং প্রযোজ্য নিয়মাবলী সম্পর্কে তাদের অবস্থান জানাতে অনুরোধ করে।
“এর একমাত্র জবাবে আরবিএফএকে ফিফা একটি চিঠি পাঠিয়ে জানায় যে, তারা এই চিঠিকে একটি আপিল হিসেবে বিবেচনা করছে, একজন বিচারক নিয়োগ করা হয়েছে এবং এই আপিল সম্পন্ন করার জন্য আরবিএফএ-এর হাতে মাত্র কয়েক ঘণ্টা সময় আছে। ফিফার পক্ষ থেকে আর কোনো তথ্য প্রদান করা হয়নি।”
আরবিএফএ আরও বলেছে, “একটি আপিল গ্রহণযোগ্য হতে হলে, ফিফার শর্তানুযায়ী প্রথমে আপিলকারীকে একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত জানাতে হবে। আরবিএফএ যখন শুধু বৈধ ব্যাখ্যা চেয়েছিল, তখন ফিফা (এটাকেই) একটি আপিল হিসেবে নেয় এবং সঙ্গে সঙ্গে এটাও নিশ্চিত করে যে, ওই আপিল অগ্রহণযোগ্য হিসেবে ঘোষিত হবে।
“এই সবকিছু এমন সময়ে ঘটেছে, যখন ফিফা একই সঙ্গে আরবিএফএ-এর বৈধ অনুরোধগুলোর জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে।”
একই বিবৃতিতে বেলজিয়ান ফেডারেশন ফিফার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, ম্যাচ-পূর্ববর্তী উপস্থাপনা থেকে ফেডারেশনগুলোকে অবহিত করা একটি অংশ মুছে ফেলা হয়েছে, যেখানে বলা হয়েছিল কোনো খেলোয়াড় লাল কার্ড পেলে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।
আরবিএফএ বলেছে, বারবার মৌখিক ও লিখিত অনুরোধ সত্ত্বেও ফিফা এই পরিবর্তনের কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তারা বালোগানের খেলার যোগ্যতাকে চ্যালেঞ্জ করেছিল।
কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ৭ জুলাই ৬টায় (এএম) সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম।