১৮ দিনের মধ্যে সিএমপির সদরঘাট থানার ওসি প্রত্যাহার, নেপথ্যে কি?
তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
তিন সপ্তাহ না হতেই চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী গত রোববার তাকে বদলির আদেশ দেন। কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।
তবে এ পুলিশ কর্মকর্তাকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া এক আধা সরকারিপত্রের (ডিও লেটার) ভিত্তিতে বদলি করা হয়েছে বলে খবরে এসেছে।
ওসির বিরুদ্ধে ‘দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ আর্থিক লেনদেন, জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ এনে গত ১ জুলাই প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই ডিও লেটার দিয়েছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো এক চিঠিতে বলা হয়।
ওসিকে প্রতিমন্ত্রীর চিঠির কারণে বদলি করা হয়েছে কি না জানতে চাইলে সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সদরদপ্তরের নির্দেশে সদরঘাট থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অভিযোগের তদন্তে সিএমপির উপ-কমিশনারের (প্রসিকিউশন) মাধ্যমে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে।”
তবে পুলিশ সদর দপ্তর কী আদেশ দিয়েছে সেটার বিস্তারিত তিনি বলেননি।
ওসি শরীফকে গত ১৭ জুন সিএমপির সদরঘাট থানায় দায়িত্ব দেওয়া হয়েছিল।
ডিও লেটার দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
