Published : 18 Jul 2026, 04:23 PM
যখন সময় বেশি প্রয়োজন, তখন কম পাবেন আগেই জানতেন লিওনেল স্কালোনি। কিন্তু সেটা যে এতো কম সেটা সম্ভবত তখনও ধারণা করতে পারেননি আর্জেন্টিনা কোচ। ফাইনালের আগের নানা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে যথাযথ সময়ে দলকে ঠিকঠাক অনুশীলন করাতে না পেরে বিরক্তি প্রকাশ করলেন তিনি।
নিউ ইয়র্কে ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এর দুই দিন আগে সংবাদ সম্মেলন ও অন্যসব অনুষ্ঠানিকতার জন্য বেশি সময় ছিল না অনুশীলনের জন্য। এতে খেদ ঝরল স্কালোনির কণ্ঠে।
“আমরা এখন কেবল বিশ্রাম নিচ্ছি। গত রাত ১১টার দিকে এখানে এসেছি। আজ আমরা এমন সময়ে অনুশীলন করতে বাধ্য হয়েছি, যেটা আমরা চাইনি। কিন্তু এই সংবাদ সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য আমাদের অদ্ভূত, স্বল্প সময়ের একটা অনুশীলন সেশন করতে হয়েছে। যেখানে আমরা তেমন কিছুই করতে পারিনি।”
ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনাল খেলার পর আটলান্টায় থেকে গিয়েছিল আর্জেন্টিনা দল। সেখান থেকে নিউ ইয়র্কে এসে দুপুরের গরমে অনুশীলনের সুযোগ পায় আর্জেন্টিনা। লড়াই যেখানে ক্লান্তি কাটিয়ে উঠার সেখানে কড়া রোদে ঘাম ঝরানোর কোনো কারণ দেখেননি স্কালোনি।
“আমরা বিশ্রামের দিকেই মনোযোগ দিচ্ছি। আমাদের কয়েকজন খেলোয়াড় এখনও শতভাগ ফিট নয়। আমরা দেখব তারা কি অবস্থায় আছে। আমরা নিজেদের শক্তি অনুযায়ীই খেলব, তবে দেখব প্রতিপক্ষের শক্তির দিক কোনটা।”