Published : 18 Jul 2026, 09:30 PM
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে খালে ডুবে নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের খাল থেকে তাকে উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা টি এম মেহেদী হাসান সানি।
নিহত সানি হাওলাদার (১৩) রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে আসে সানি। এ সময় খালে গোসলের এক পর্যায়ে সানি একটি গাছে উঠে লাফ দিলে পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার তল্লাশির পর সন্ধ্যায় সানিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসক মেহেদী হাসান বলেন, কিশোরটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহবুব আলম বলেন, দীর্ঘ তল্লাশির পর কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ঝালকাঠি সদর থানার ওসি বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।