Published : 15 Jul 2026, 01:58 PM
দ্বিতীয় সেমি-ফাইনালের আগে আর্জেন্টিনার নানা দুর্বলতা সামনে আনছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলাররা। তবে সে সবে কান দিচ্ছেন না টমাস টুখেল। ইংল্যান্ড কোচ মনে করেন, অন্য যে কোনো দলের মতো আর্জেন্টিনাকেও হারানো সম্ভব।
আটলান্টায় ১৬ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে ইংল্যান্ডের সাবেক ফুটবলাররা বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে নানা মন্তব্য করেছেন।
সাবেক ফরোয়ার্ড ইয়ান রাইট বলেছেন, আর্জেন্টিনার আক্রমণ সামাল দিতে পারবে ইংল্যান্ড। একই সঙ্গে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে জয় তুলে নিতে পারবে।
সাবেক উইঙ্গার জো কোল বলেছেন, লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে তাদের। আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের গতি বেশি। ইংল্যান্ডই ফাইনালে উঠবে।
সাবেক ডিফেন্ডার অ্যাশলি কোল রেফারিদের পক্ষপাতিত্বের দিকে ইঙ্গিত করে দাবি করেছেন, কেইপ ভার্ড, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা।
সাবেক ডিফেন্ডার জন টেরির মতে, ‘ম্যান টু ম্যান’ বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ড এগিয়ে। আর্জেন্টিনাকে নিয়ে তিনি একদমই চিন্তিত নন।
সাবেক রাইট ব্যাক গ্যারি নেভিল বলেছেন, আর্জেন্টিনার বিপক্ষে অন্তত দুটি গোল করতে না পারার কোনো কারণ দেখেন না তিনি। তার চোখে বিশ্ব চ্যাম্পিয়নদের দুই ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস বিশ্বের সেরা-সবচেয়ে খারাপ সেন্টার ব্যাক জুটি।
ম্যাচের আগের দিন টুখেলের সংবাদ সম্মেলনে উঠল সমালোচকদের মন্তব্যের প্রসঙ্গ। সেখানে আর্জেন্টিনা দল সম্পর্কে নিজের মূল্যায়ন জানালেন ইংল্যান্ড কোচ।
“আমি সমালোচকদের ধারণার চেয়ে ভালো দল হিসেবে আর্জেন্টিনাকে দেখি। তাদের ‘টিম স্পিরিট’ দারুণ। তাদের মানসিকতা এমন যে, পিছিয়ে পড়ে ভীত হয় না। তারা ভারসাম্যপূর্ণ একটি দল। তবে সব দলকেই হারানো যায়।”