Published : 15 Jul 2026, 02:51 PM
এক দশক আগে কভার্ড ভ্যানে করে এক হাজার বোতল ফেনসিডিল বহনের দায়ে চালক ও তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতদের মধ্যে ৪০ বছর বয়সী মো. হারুনের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার উত্তর শাকতলী গ্রামে। আর ৩৬ বছর বয়সি চালক মো. নাসির উদ্দিনের বাড়ি নোয়াখালী জেলার সদর মডেল থানার চরধোলফিয়া গ্রামে।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
দুই আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, কুমিল্লা থেকে কভার্ড ভ্যানে করে মাদকের চালান আসার খবরে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ২০১৬ সালের ১৩ অগাস্ট বিশেষ অভিযান চালায়। সে সময় নগরীর সিটি গেইট এলাকায় কাভার্ড ভ্যানটি থামিকে নাসির ও তার সহযোগী হারুনকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কভার্ড ভ্যানের চালকের আসনের পিছন থেকে সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ সে সময় বলছিল, এসব ফেনসিডিল কুমিল্লা থেকে পাইকারি হিসেবে কিনে বিক্রির জন্য চট্টগ্রামে আনা হচ্ছিল।
ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই সেকান্দর আলী চট্টগ্রামের আকবর শাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।