Published : 21 Jul 2026, 12:26 AM
আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালে যোগ দেননি উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন। বিবিসি লিখেছে, ফিফার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ফাইনালে যাননি তিনি।
যদিও এই স্লোভেনিয়ান আইনজীবী ও ফুটবল প্রশাসক বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের জন্য মেক্সিকো সিটিতে গিয়েছিলেন। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নেওয়া একাধিক সিদ্ধান্তের কারণে তিনি রোববার নিউ জার্সির ফাইনাল বর্জন করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বিশ্বকাপে দেশটির স্ট্রাইকার ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা ফিফা স্থগিত করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল উয়েফা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চেফেরিনের ফাইনালে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে প্রধান একটি কারণ ছিল ওই ঘটনা।
উয়েফা সে সময় ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে ‘নজিরবিহীন, অবোধ্য ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছিল।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আনা আরও কিছু পরিবর্তনেরও ঘোর বিরোধী চেফেরিন। যার মধ্যে আছে ফাইনালের ‘হাফ-টাইম শো।’ চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এগুলো চালু করবে না উয়েফা।
বিশ্বকাপের ওই অনুষ্ঠানে পারফর্ম করা শিল্পীদের মধ্যে ছিলেন পপ সংগীতের সম্রাজ্ঞী ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার ও কে-পপ ব্যান্ড বিটিএস। অনুষ্ঠানটির কারণে ১৫ মিনিটের প্রথমার্ধের বিরতি বাড়িয়ে করা হয় ২৭ মিনিট ২২ সেকেন্ড।
এছাড়া ফিফার ৬৪ দলের বিশ্বকাপের ভাবনা, এবারের বিশ্বকাপের জন্য সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়া, টিকেটের আকাশছোঁয়া দামসহ আরও বেশ কিছু বিষয় পছন্দ হয়নি উয়েফার।