Published : 10 Jun 2026, 08:45 AM
বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ এক মৌসুম কাটিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন হ্যারি কেইন। আর এই ফর্মের কারণেই বিশ্ব জয়ের জন্য এবারের আসরকে তার সেরা সুযোগ মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক।
২০২৫-২৬ মৌসুমে গোলের বন্যা বইয়ে দিয়েছেন কেইন, বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে করেছেন ৬১ গোল, যা ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মৌসুমে ৫৭ ম্যাচে তার গোল ৬৭টি।
৩২ বছর বয়সী এই স্ট্রাইকার এখন ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপে খেলার অপেক্ষায়। নিজের প্রথম বিশ্বকাপে ২০১৮ সালে তিনি জিতেছিলেন গোল্ডেন বুট। সেবার ইংল্যান্ড হয়েছিল চতুর্থ।
আইটিভি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের রেকর্ড গোলস্কোরার বললেন, এবার কাঙ্ক্ষিত সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার পালা।
“এটা আমার তৃতীয় বিশ্বকাপ। আমি এখন যে ফর্মে আছি এবং এই মৌসুমে যেভাবে খেলেছি, তাতে বিশ্বকাপ জয়ের জন্য সম্ভবত আমার পুরো ক্যারিয়ারে এটাই সেরা সুযোগ।”
“আমরা ৬০ বছর ধরে ইংল্যান্ডের জার্সিতে কিছু জিতিনি, আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম এবং সেই দরজায় কড়া নেড়েছিলাম। তবে এখন সেই রেখা অতিক্রম করার সময় এসেছে।”
১৯৬৬ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ জেতা ইংল্যান্ড গত দুটি ইউরোর ফাইনালে হেরেছে।
পেশাদার ফুটবলের বাস্তবতা ও চোটের ঝুঁকির কথা মেনে নিয়ে কেইন বললেন, আরও লম্বা সময় সবুজ আঙিনায় দাপিয়ে বেড়াতে চান তিনি।
“এই টুর্নামেন্টই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে, ফুটবলে কিছুই বলা যায় না। আমি অনেকদিন খেলতে চাই। আমার জীবনের সেরা সময় পার করছি, মনে হচ্ছে আমার সেরা ফর্মে আছি। কিন্তু চোটের ব্যাপারে সামনে কী আছে, তা তো বলা যায় না।”
আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন কেইনরা।