Published : 10 Jul 2026, 02:53 PM
কোয়ার্টার-ফাইনালের আগে দলকে সতর্ক করে দিয়ে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, আসরে এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে তারা। বিশ্বকাপে টিকে থাকার জন্য অভিজ্ঞ ও শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে নিজেদের সেরা ফুটবল খেলার তাগিদ দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় ১১ জুলাই ১টায় (এএম) লস অ্যাঞ্জেলসে বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন।
আসরের ফেভারিটদের একটি স্পেন এখনও পর্যন্ত বিশ্বকাপে হজম করেনি কোনো গোল। পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে জায়গা করে নেয় কোয়ার্টার-ফাইনালে। টুর্নামেন্টে যত দিন যাচ্ছে তত যেন ভালো দল হয়ে উঠছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
সব দিক থেকেই ভারাসাম্যপূর্ণ এক দল স্পেন। রক্ষণ সবসময়ই জমাট আর যে কোনো প্রতিপক্ষকে ভোগানোর মতো আক্রমণভাগ আছে তাদের। বল পায়ে স্বচ্ছন্দ, বল ছাড়া অবস্থায় সবাই জানেন নিজের কাজটা কী।
লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দে লা ফুয়েন্তে বললেন, শেষ চারে যাওয়ার ম্যাচে কঠিন লড়াই দেখছেন তিনি।
“এখন পর্যন্ত আমরা যে সব ম্যাচ খেলেছি, এর মধ্যে সবচেয়ে সবচেয়ে কঠিন হবে আগামীকালকের ম্যাচ। বেলজিয়াম একটি শক্তিশালী দল। ওদের খেলোয়াড়রা জিততে অভ্যস্ত। এটা একটা চ্যালেঞ্জিং ম্যাচ হবে।”
এই ম্যাচের জয়ী দল সেমি-ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে। গত দুই আসরের ফাইনালিস্টরা কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে জিতেছে ২-০ গোলে। ম্যাচ দেখেছেন স্পেন কোচ, তার মনে হয়েছে ফ্রান্সই ছিল শ্রেয়তর দল। এখন দে লা ফুয়েন্তের মনোযোগ কেবল নিজেদের ম্যাচের দিকে।
“বিশ্বাস করুন, আমি কেবল বেলজিয়ামের বিপক্ষে আগামীকালকের ম্যাচ নিয়ে ভাবছি।”
স্পেনের রক্ষণ ভাঙা দুঃসাধ্য, টুর্নামেন্টে সেটা প্রমাণ করেছেন এমরিক লাপোখ্ত, পাউ কুবার্সিরা। আক্রমণভাগের আলো হয়ে আছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও এর মধ্যে চার গোল করা মিকেল ওয়াইরসাবাল।
পৃথিবীর সেরা তরুণ প্রতিভাদের একজন ইয়মাল বিশ্বকাপে এখন পর্যন্ত কেবল একটি গোল করেছেন। আট গোল করা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের চেয়ে অনেক পিছিয়ে তিনি। স্পেন দলে ইয়ামালের ভূমিকা কেবল গোল দিয়ে বিবেচনা করেন না কোচ।
রক্ষণে তরুণ ফরোয়ার্ডের অবদান, যেমনটা তিনি রেখেছেন পর্তুগালের বিপক্ষে এবং প্রয়োজনের সময় দুর্দান্ত ড্রিবলিংয়ে ব্যবধান গড়ে দেওয়ার মতো ব্যাপারগুলোকে বেশি গুরুত্ব দেন দে লা ফুয়েন্তে। তিনি নিশ্চিত বেলজিয়ামের বিপক্ষে আক্রমণভাগে ভালো করবেন ইয়ামাল।