১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিগগিরই খুলছে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

“অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 02:51 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

দ্রুত সময়ের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছন। 

শুক্রবার সকালে কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।  

জুলাই জাদুঘর চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, “সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। 

“বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে।”

তিনি বলেন, “শিগগিরই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘর চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

বিগত সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, “দেশের সংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮-২০ বছর যাবত শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব ধ্বংস করেছে। 

“জনগণের মতামতের কোনো মূল্য ছিল না। নির্বাচনের নামে চলতো প্রহসন। লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে ব্যাংক বীমা খাতকে ধ্বংস করেছে।”

বর্তমান সরকার হারিয়ে যাওয়া সকল ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।  

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম ও কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।