১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত, স্ত্রী হাসপাতালে

রড বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের তাদের চাপা দেয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 03:36 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

দিনাজপুর সদরে ট্রাকের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নিহতের স্ত্রী। 

শুক্রবার বেলা ১২টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুন্নবী। 

নিহত মোটরসাইকেল চালক পারমেনাশ হেম্ব্রম চিরিরবন্দর উপজেলার লক্ষ্মীতলা দল্লা মিশন পাড়ার বাসিন্দা। আহত হয়েছেন পারমেনাশের স্ত্রী মেলিনা কিস্কু। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি নুরুন্নবী বলেন, মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে পারমেনাশ সদর উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে রড বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পারমেনাশ ঘটনাস্থলেই মারা যান।

এ সময় স্থানীয়রা মোটরসাইকেলের অপর আরোহীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর পর চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান। 

খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে; পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি নুরুন্নবী।