Published : 27 Jun 2026, 07:05 PM
দেয়ালে ঠেকে গেছে পিঠ। জয়ের বিকল্প নেই। এমন সমীকরণের ম্যাচে রক্ষণাত্মক ফুটবল খেলার উপায় নেই ডিআর কঙ্গোর সামনে। উজবেকিস্তানের বিপক্ষে পুরোপুরি আক্রমণাত্মক কৌশল সাজাবেন বলে জানিয়ে রেখেছেন দলটির কোচ সেবাস্তিয়ান দেসাব্রে।
প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা কঙ্গো অভিষেক ম্যাচেই পর্তুগালকে রুখে দিয়ে দেখায় চমক। পরের ম্যাচে কলম্বিয়াকে অনেকটা সময় আটকে রাখে তারা। পরে ৭৬তম মিনিটে গোল হজম করে হেরে যায় ১-০ ব্যবধানে।
দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপে তৃতীয় স্থানে আছে কঙ্গো। পরের ধাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে উজবেকিস্তানকে হারাতেই হবে তাদের। একই সমীকরণ এখনও পয়েন্ট না পাওয়া উজবেকদের সামনেও। সেই লক্ষ্যে রোববার বাংলাদেশ সময় সকালে মাঠে নামবে বিশ্বকাপের নবাগত দল দুটি।।
পর্তুগাল ও কলম্বিয়ার চেয়ে শক্তি-সামর্থ্যে যোজন-যোজন পিছিয়ে কঙ্গো। নিজেদের অবস্থান বুঝতে পেরে এই দুই দলের বিপক্ষে রক্ষণ জমাট রেখে খেলেছে তারা। রক্ষণাত্মক কৌশলে খেলে পর্তুগালের বিপক্ষে তো তাদের লক্ষ্য পূরণই হয়েছে।
কিন্তু উজবেকিস্তানের বিপক্ষে ওইভাবে খেলার সুযোগ নেই কঙ্গোর সামনে। তাই কৌশল বদলানোর কথা আগেই জানিয়ে দিয়েছেন দলটির কোচ দেসাব্রে
“ফিফা র্যাঙ্কিংয়ে পর্তুগাল তখন পঞ্চম স্থানে ছিল, আর কলম্বিয়া ত্রয়োদশ স্থানে। তাই আমরা পরিকল্পিতভাবেই ৫-৩-২ ফর্মেশনে খেলেছি। আমার মনে হয়, ওই কৌশলে আমরা দুটি ম্যাচেই ভালো করেছি। কলম্বিয়ার বিপক্ষে কেবল বাঁ পাশের ছোট একটি ভুলের কারণে আমাদের হারতে হয়েছিল।”
“তবে আগামীকালের ম্যাচের জন্য আমরা এমনভাবে দল সাজাব, যেন গোল করার সুযোগ তৈরি হয়। এটা একদম পরিষ্কার। পরের পর্বে যেতে আমাদের কী করতে হবে, আমরা সেটা জানি।”