Published : 21 Jul 2026, 12:13 PM
স্টুডিওতে অভিষেকের আসরই জ্লাতান ইব্রাহিমোভিচের শেষ! ফুটবল বিশ্লেষকের ভূমিকায় আপাতত আর দেখা যাবে না সুইডিশ গ্রেটকে।
এবার বিশ্বকাপে নতুন একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন ইব্রাহিমোভিচ এবং সেখানে তিনি বেশ সফল। সুইডেনের হয়ে বিশ্বকাপে খেলা ফরোয়ার্ড নতুন ভূমিকায় ছাপ রাখতে পারেন দারুণভাবেই। ফক্স স্পোর্টসে ফুটবল বিশ্লেষক হিসেবে আলাদা করে নজর কাড়েন তিনি, বেশ জনপ্রিয়ও হয়ে ওঠেন।
বিশ্লেষক হিসেবে নিয়মিত কাজ করে যাওয়া সাবেক ফুটবলার থিয়েরি অঁরি ছিলেন তার প্যানেল সঙ্গী। ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ডিফেন্ডার অ্যালেক্সেই লালাস।
ফাইনালের পর সরাসরি সম্প্রচারে কথা বলার শেষ পর্যায়ে ইব্রাহিমোভিচ ঘোষণা করেন, এটিই তার শেষ।
“গত দেড় মাস ধরে অনেক কথা বলেছি, তাই এটাই আমার শেষ কথা হবে। যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাতে চাই আমি। সেই সব মানুষদেরও ধন্যবাদ জানাতে চাই, যাদের আপনারা দেখতে পান না। থিয়েরির (অঁরি) মতো আমি তাদের সবার নাম মনে রাখতে পারি না।
আমি আশা করি, আমেরিকা, আপনারা, সবাই উপভোগ করেছেন আমার মতোই। স্টুডিও থেকেও এটাই আমার বিদায়।”
সুইডেনের হয়ে ১২২ ম্যাচ খেলা তারকাকে তখন সঞ্চালক জিজ্ঞেস করেন, বিশ্লেষকের ভূমিকা থেকে একেবারেই বিদায় নিচ্ছেন কি না। ৪৪ বছর বয়সী তারকা বলেন, “এটা আমার জন্য প্রথম এবং শেষবার ছিল, তাই সবাই ভালো থাকবেন।”
২৪ বছরের পেশাদার ক্যারিয়ারে আয়াক্স, ইউভেন্তুস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন ইব্রাহিমোভিচ। সব মিলিয়ে ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ১ হাজারের কাছাকাছি। ট্রফি জিতেছেন ৩৪টি।
এই বিশ্বকাপের আগে তিনি কখনও টেলিভিশনে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেননি। এবার তার বিশ্লেষণ এবং মতামত দিয়ে দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পান।