Published : 07 Jul 2026, 08:50 AM
আর্জেন্টিনার আছে একজন মেসি; মিশরের কয় জন? বিস্ময়মাখা প্রশ্নটি উঠছে দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসানের এক কথার সুত্র ধরে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ সামনে রেখে মিশরের সহকারী কোচ যে বলেছেন, তাদের দলে আছেন ২৬ জন মেসি!
মূলত বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জনকে সমান গুরুত্ব দিতে, ওই মন্তব্য করেছেন হাসান। চ্যাম্পিয়নদের বিপক্ষে ভড়কে না গিয়ে, মেসি-মার্তিনেসদের নিয়ে না ভেবে, নিজেদের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শও সালাহদের দিয়েছেন তিনি।
আটলান্টায় ৭ জুলাই ১০টায় (পিএম) কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। লিওনেল স্কালোনির দল এবার এসেছে শিরোপা ধরে রাখার অভিযানে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলার হাতছানি মিশরের সামনে।
এই ম্যাচে আর্জেন্টিনার পক্ষে অনুমিতভাবে বাজি ধরার লোক বেশি। কেননা, দলটির আক্রমণভাগে আছেন মহাতারকা মেসি। চলতি আসরে এ পর্যন্ত সাত গোল করেছেন তিনি। প্রতি ম্যাচে বেঁধে দিচ্ছেন জয়ের সুর। মিশরের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনার প্রত্যাশার ভরকেন্দ্রে থাকবেন মেসি।
আর মিশর তাকিয়ে থাকবে বিশেষ করে সালাহর দিকে। তবে, দলের বাকিরাও যে গুরুত্বপূর্ণ, মেসির মতো তারাও ম্যাচের নির্ণায়ক হয়ে উঠতে পারেন, মিশরীয় চ্যানেল সাদা আল-বালাদকে সে কথাই বলেছেন হাসান।
“তাদের মেসি আছে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ আছে, ২৬ জন মেসিও আছে এবং আশা করি, সৃষ্টিকর্তা আমাদের পুরস্কৃত করবেন। আমরা মেসিকে নিয়ে ভাবছি না; ছেলেদের আমরা বলেছি মাঠে যাও এবং প্রতিপক্ষের ওপর মনোযোগ না দিয়ে নিজেদের খেলাটা খেলো।
“মেসির বিপক্ষে খেলা? এমনকি, এটা নিয়ে আমরা ভাবিও না। আমরা মনোযোগ দিচ্ছি মিশর জাতীয় দলে। প্রতিটি ম্যাচে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, সেখানে মেসি বা অন্য যেকোনো প্রতিপক্ষই থাকুক না কেন। আমাদের মোহামেদ সালাহ এবং শীর্ষ পর্যায়ের এক দল খেলোয়াড় আছে।”
অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর মঞ্চে উঠে আসা মিশর এখন আরও আত্মবিশ্বাসী। প্রতিযোগিতায় যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার লক্ষ্য জানালেন হাসান।
“শুরুর দিন থেকে খেলোয়াড়দের আমরা বলেছি যে, আমরা স্রেফ অংশ নিতে আসিনি। আমাদের লক্ষ্য টুর্নামেন্টের যতদূর সম্ভব যাওয়া।”