Published : 07 Jul 2026, 08:39 AM
সাভারে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হাতবোমা বিস্ফোরণের প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর এলাকায় বিক্ষোভ করেছে দলটির কিছু নেতাকর্মী।
সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের সামনে থেকে দলটির নেতাকর্মীরা মশাল মিছিল শুরু করেন।
এর আগে সোমবার রাত পৌনে ১০টায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে তিনজন আহত হন।
এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম হামলার সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

ওই ঘটনায় রাতেই এনসিপির পক্ষ থেকে একটি মামলা করেন দলের ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি।
মামলায় বলা হয়, “অজ্ঞাতনামা আসামিরা এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটনায়।”
ওই হামলার পেছনে কোনো ‘নিষিদ্ধগোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতার’ আশঙ্কার কথাও বলা হয়েছে মামলায়।
রাতে এনসিপির প্রচার বিভাগ জানায়, বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত মশাল মিছিল শেষে ‘জুলাই স্মৃতি স্তম্ভের’ সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন এনসিপির নেতাকর্মীরা।
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সেখানে বক্তব্য দেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনও মশাল মিছিলে অংশ নেন।