Published : 18 Jun 2026, 08:18 PM
ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামের গ্যালারিতে অনুমিতভাবেই কলম্বিয়ার সমর্থকে ঠাসা ছিল। উত্তর আমেরিকা বিশ্বকাপে প্রথম মাঠে নামার চাপও ছিল সঙ্গী। উজবেকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয় পাওয়ার পর কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো বললেন, আসতেকার আবহ শুরুতে স্নায়ুর চাপে ফেলে দিয়েছিল তার দলের কয়েকজনকে।
এই মাঠে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ‘কে’ গ্রুপে পথচলা শুরু করেছে কলম্বিয়া। পর্তুগাল ও ডিআর কঙ্গো ম্যাচটি ১-১ ড্র হওয়ায় গ্রুপে এখন শীর্ষে লরেন্সোর দল।
উজবেকিস্তান ম্যাচের ‘ডেডলক’ খুলতে কলম্বিয়ার লেগে যায় ৪০ মিনিট। দানিয়েল মুনোসের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে উজবেকিস্তান।
পরে অবশ্য চেনা রূপে ফিরে কলম্বিয়া। লুইস দিয়াস ও হামিন্তন কামপাসের গোলে সহজ জয় তুলে নেয় ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালিস্টরা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায়, শুরুর জড়তার কারণ খোলাসা করলেন লরেন্সো।
“প্রাণশক্তি ছিল চমৎকার, কিন্তু আবেগের কারণে কয়েকজন খেলোয়াড় চাপে পড়েছিল। আমার মনে হয়, প্রথম ম্যাচের আবেগ এবং উজবেকিস্তানের বিপক্ষে আমদের ফেভারিট থাকাও বাড়তি চাপ তৈরি করেছিল।”
“প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। কিন্তু, এরপর উজবেকিস্তান আরও উপরে উঠে খেলতে লাগল এবং আমাদের রক্ষণে ঠেলে দিতে চাপ দিতে থাকল। খুবই শারীরিক শক্তিনির্ভর ম্যাচ হয়ে উঠেছিল।”
অধিনায়ক হামেস রদ্রিগেসের কাছে প্রত্যাশা ছিল বেশি। কিন্তু উজবেকিস্তানের ডিফেন্ডারদের কড়া পাহারা ভেদ করে তেড়েফুঁড়ে বেরিয়ে আসতে পারেননি তিনি। তবে, বল নিয়ন্ত্রণে দারুণ সক্রিয় থাকা রদ্রিগেসের প্রশংসা করলেন কোচ।
“এটা তার সেরা ম্যাচ ছিল না, কিন্তু সে মন্দও খেলেনি। হামেস সাধারণত যে জায়গায় খেলে, প্রতিপক্ষ সেই জায়গাটা আটকে দিয়েছিল। সে মূল ভূমিকায় ছিল না, কিন্তু বল নিয়ন্ত্রণে রেখে সে আমাদের অনেক কিছু দিয়েছে।”