Published : 19 Jun 2026, 03:27 PM
শীর্ষ এআই প্রতিভাদের নিজেদের দলে ভেড়ানোর তীব্র লড়াইয়ের মধ্যে গুগল ছেড়ে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই’তে যোগ দিচ্ছেন এআই মডেল জেমিনাইয়ের অন্যতম সহ-প্রধান নোয়াম শাজির।
গুগলের বার্ষিক ‘আই/ও কনফারেন্স’-এ নতুন এআই মডেল ‘জেমিনাই ৩.৫ ফ্ল্যাশ’ ও ‘জেমিনাই স্পার্ক’ নামের এআই এজেন্ট উন্মোচনের কেবল কয়েক সপ্তাহের মাথায় তার এ আকস্মিক বিদায়ের খবর এল বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
বুধবার গুগলের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও জেমিনাই এআই মডেলের অন্যতম সহ-প্রধান শাজির বলেছেন, ওপেনএআই’তে যোগ দিতে তিনি গুগল ছাড়ছেন।
সামাজিক যোগাযোগ মধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি ওপেনএআই’তে যোগ দিচ্ছি এবং সেখানকার অসাধারণ দলটির সঙ্গে কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
“এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটি বেশ কঠিন ছিল। গুগলের এ অসাধারণ দল ও আমরা একসঙ্গে যা কিছু তৈরি করেছি তার জন্য আমি বিস্ময়কর রকমভাবে গর্বিত। আপনাদের সবার সঙ্গে কাজ করাটা আমার জন্য সম্মানের ও আনন্দের।’
গুগলে ফিরে আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে শাজির আবার কোম্পানিটি ছাড়লেন। এর আগে, ২০২১ সালে গুগল ছেড়ে শাজির ও তার সহ-গবেষক ড্যানিয়েল ডি ফ্রেইটাস মিলে ‘ক্যারেক্টারডটএআই’ নামের এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করেছিলেন।
পরবর্তী সময়ে ২০২৪ সালের অগাস্টে সেই স্টার্টআপটির সঙ্গে এক চুক্তির অংশ হিসেবে এ দুজনকে আবার তাদের ‘ডিপমাইন্ড’ এআই ইউনিটে ফিরিয়ে এনেছিল গুগল।
এর আগে, গুগলে থাকাকালীন এক চ্যাটবট প্রকল্প নিয়ে বেশ জোরেশোরে কাজ করতে চেয়েছিলেন তারা। তবে গুগল সেই প্রকল্পে বড় বিনিয়োগ বা আগ্রাসীভাবে এগোতে রাজি না হওয়ায় তারা কোম্পানিটি ছেড়ে দিয়েছিলেন।
এরপর তারা ‘ক্যারেক্টারডটএআই’ প্রতিষ্ঠা করেন, যা বর্তমান সময়ে জনপ্রিয় এআই স্টার্টআপে পরিণত হয়েছে।
নোয়াম শাজিরের ওপেনএআই’তে চলে যাওয়ার এ ঘটনাটি প্রযুক্তি বিশ্বজুড়ে শীর্ষ সারির এআই প্রতিভাদের নিজেদের দলে ভেড়ানোর তীব্র লড়াইকে আরও একবার স্পষ্ট করে দিল, যা বর্তমানে বড় বিভিন্ন প্রযুুক্তি কোম্পানির মধ্যকার প্রতিযোগিতার প্রধান রণক্ষেত্র হয়ে উঠেছে।
এদিকে, এ মাসের শুরুতে আইপিও বা শেয়ার বাজারে যাওয়ার জন্য গোপনে আবেদন করেছে ওপেনএআই। এর মাধ্যমে কোম্পানিটির জন্য সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে আলোচিত ও বহুল প্রতিক্ষিত শেয়ার বাজারে অভিষেক ঘটার মঞ্চ তৈরি হল।