Published : 19 Jun 2026, 03:48 PM
কলকাতার সিনেমা-সিরিজের জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। তবে বিয়েটা সদ্য করেননি তিনি। অভিনেতা সাতপাকে বাঁধা পড়েছেন এক বছর আগে এই দিনে।
অম্বরীশের বিয়ের এই খবর শুক্রবার সাতসকালে প্রকাশ্যে এনেছেন পশ্চিমবঙ্গের পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়া অম্বরীশ নিজেও সোশাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে সুখবর ভাগ করেছেন সবার সঙ্গে।
ছবিতে দেখা যাচ্ছে বরবেশে অম্বরীশ বসেছেন বিয়ের পিঁড়িতে। পাশে কনের সাজে যিনি, তিনি সিনেমা ইন্ডাস্ট্রির কেউ নন। পেশায় তিনি বিমানবালা।
বিয়ের একই ছবি পোস্ট করে কৌশিক লিখেছেন, “এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিল। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত; পাত্রী এয়ারহোস্টেস।"
কৌশিক জানিয়েছেন পারিবারিক কিছু জটিলতার কারণে বিয়ের খবর গোপন রাখতে হয়েছে এতদিন।
“ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতোদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করবো ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ!”
আগামী ১০ জুলাই মুক্তি পেতে চলেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালতি সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। যেখানে অভিনয় করেছেন অম্বরীশ। তবে এই সিনেমার সঙ্গেই অম্বরীশের বিয়ের বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে কী না তা জানতে সোশাল মিডিয়ায় কৌতুহল প্রকাশ করেছেন ভক্তরা।
এই সিনেমার প্রথম কিস্তি ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পায় ২০২৩ সালে। দুই বাংলায় দারুণ জনপ্রিয়তা পাওয়া এই সিনেমার মূল দুই চরিত্র চূর্ণী গাঙ্গুলির সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান।