Published : 10 Jul 2026, 06:04 PM
কোয়ার্টার-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জ্যারেল কুয়ান্সার দুই ম্যাচের নিষেধাজ্ঞা বড় ধাক্কা হয়ে এসেছে ইংল্যান্ডের জন্য। উদ্ভূত পরিস্থিতিতে ভীষণ হতাশ পুরো দল। উইঙ্গার বুকায়ো সাকার মতে, এসবের সঙ্গে মানিয়ে নিয়েই নরওয়েকে হারানোর প্রস্তুতি নিচ্ছেন তারা।
২৩ বছর বয়সী কুয়ান্সাকে বৃহস্পতিবার দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা। নরওয়ের বিপক্ষে শেষ আটের ম্যাচে তাকে পাবে না ইংল্যান্ড। এই ধাপ উৎরাতে পারলে, সেমি-ফাইনালেও খেলতে পারবেন না তরুণ ডিফেন্ডার।
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ৫৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কুয়ান্সা। প্রতিপক্ষের হেসুস গাইয়ার্দোকে অযথাই বাজে ট্যাকল করেন তিনি। রেফারি শুরুতে তা খেয়াল করেননি। সেই ফাউলের সূত্রে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটু পর ভিডিও পর্যালোচনায় কুয়ান্সাকে বহিষ্কার করেন রেফারি।
রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৩-২ গোলে জিতে ইংল্যান্ড। ১২ জুলাই বাংলাদেশ সময় ৩টায় (এএম) কোয়ার্টার-ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংলিশরা। ম্যাচটি জিততে পারলে আগামী ১৬ জুলাই দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনা কিংবা সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে তারা।
নরওয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কুয়ান্সার নিষেধাজ্ঞা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন সাকা। নিজের মতো করে চেষ্টা করেন উত্তর দেওয়ার।
“আমি কেবলই জানতে পেরেছি দুই ম্যাচের নিষেধাজ্ঞার কথা, যেটা আমাদের দলের জন্য ও কুয়ান্সার জন্যও ভীষণ হতাশার।
“তবে পরিস্থিতি এখন এমনই। আমরা এখানে অভিযোগ করতে আসিনি। আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং নরওয়েকে হারানোর জন্য প্রস্তুত একটি দল বেছে নিতে হবে।”
ফিফা যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার প্রেক্ষিতে, প্রাথমিকভাবে কুয়ান্সার লাল কার্ডের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথা ভাবছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
কিন্তু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।
কুয়ান্সার ঘটনাটি বালোগনের থেকে কীভাবে আলাদা এবং ইংলিশ সতীর্থরা এই সিদ্ধান্তটিকে অন্যায্য মনে করছেন কিনা, তা জানতে চাওয়া হলে সাকা কোনো মন্তব্য করতে রাজি হননি।
“কী বলব আমি সত্যিই জানি না। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা ফিফার সিদ্ধান্ত ছিল। আমাদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি হতাশাজনক, কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে এবং পরিস্থিতি সামলাতে হবে।”
খেলোয়াড়দের চোটের কারণে দলের রক্ষণভাগ নিয়ে এমনিতেই সমস্যায় আছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। এর মধ্যে দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে কুয়ান্সার নিষেধাজ্ঞা।