১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমের মৃত্যু: ‘জমানো টাকা লুটের জন্য’ নির্যাতন, গ্রেপ্তার ৫

র‌্যাবের দাবি, ওই বৃদ্ধার কাছে দীর্ঘদিনের সঞ্চিত ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার কথা গ্রেপ্তাররা স্বীকার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 06:50 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

নরসিংদীর রায়পুরায় রেলস্টেশনে নির্যাতনে বাক প্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

র‌্যাব বলছে, ববি বেগমের জমানো ২০ হাজার টাকা লুট করতেই হামলা চালিয়ে তাকে মারধর করা হয়েছিল।

গ্রেপ্তাররা হলেন- মো. ইলিয়াস, মো. সাকিব, বেলাল মিয়া, দ্বীন ইসলাম ও মো. রিফাত।

গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ৭০ বছর বয়সি বাক প্রতিবন্ধী ববি বেগমের ওপর হামলা চালানো হয়। 

চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা হয়। 

র‌্যাব বলছে, ঘটনার গুরুত্ব বিবেচনায় ছায়া তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার মেথিকান্দা রেলস্টেশন থেকে ইলিয়াস, সাকিব ও বেলালকে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে দ্বীন ইসলাম ও রিফাতকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে ঢাকার কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ তাদের তদন্তে পাওয়া তথ্য তুলে ধরেন। 

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, “ববি বেগমের কাছে নগদ টাকা থাকার বিষয়টি হামলাকারীরা আগে থেকেই জানত। এর পরিপ্রেক্ষিতে তারা গভীর রাতে হামলা চালিয়ে টাকা লুট করে।”

লেফটেন্যান্ট কর্নেল পারভেজ বলেন, ববি বেগম প্রায় ২৫ বছর ধরে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে থাকতেন। তাকে এলাকাবাসী চিনত এবং বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করত। 

“স্টেশনে আসা যাত্রীরাও তাকে আর্থিক সহযোগিতা করতেন। তার কাছে থাকা দীর্ঘদিনের সঞ্চিত ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার কথা প্রাথমিকভাবে গ্রেপ্তাররা স্বীকার করেছে।”

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, “একটা বার্তা আমরা দিতে চাই যে, যার জন্য কেউ নাই, তার জন্য র‍্যাব-আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং আমাদের একটা নৈতিক দায়িত্ব মনে করে তাৎক্ষণিকভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।

“পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন, আরো কারো সম্পৃক্ততা রয়েছে তাহলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসবেন।”

গ্রেপ্তার ৫ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে মাদক সেবনের মামলা আছে তথ্য দিয়ে মাসুদ পারভেজ বলেন, “তারা মাদকাসক্ত। এই জন্য তাদের হয়ত টাকার প্রয়োজন ছিল। তারা যেহেতু জেনে যায়, ওই বৃদ্ধার কাছে টাকা রয়েছে এবং উনি কথা বলতে পারেন না; এই টাকা নেওয়ার উদ্দেশ্যে তার উপর হামলা করে বলে ধারণা করা যায়।”

এই মামলায় র‌্যাবের সম্পৃক্ততা বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রেলের যাবতীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে নজরদারির জন্য রেলওয়ে পুলিশ আছে। কখনো এরকম দেখা যায় যে, ছোট বড় বিভিন্ন ধরনের অপরাধ যেগুলো তাৎক্ষণিকভাবে রেল পুলিশ সমাধান করতে পারে না; সেগুলো মামলা হলে আমরা ছায়া তদন্ত শুরু করি।”

পুরনো খবর

‘টাকা দিতে অস্বীকৃতি’, মারধরের পর ২০ বছর রেলস্টেশনে কাটানো পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু