Published : 08 Jul 2026, 04:55 PM
‘জমানো টাকা দিতে রাজি না হওয়ায়’ মারধরে আহত নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম মারা গেছেন।
মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানিয়েছেন।
প্রায় ২০ বছর ধরে মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন ববি বেগম।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আপনজন না থাকায় স্টেশনের একটি ছোট কক্ষেই বসবাস করতেন তিনি। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সহায়তায় চলতেন এবং যাত্রীরা দেওয়া অর্থ নিজের কক্ষেই জমিয়ে রাখতেন।
ইউএনও মাসুদ রানা বলেন, “গত শনিবার রাত ২টার দিকে কয়েকজন ববি বেগমের কক্ষে ঢুকে জমানো টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তার চোখ-মুখে কিল-ঘুষি মারে এবং মারধর করে।
“পরে ববি বেগমের দীর্ঘদিনের সঞ্চয়ের টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরদিন সকালে ঘটনাটি জানাজানি হয়।”
স্টেশনের লোকজন জানান, খবর পেয়ে ইউএনও রানা সোমবার স্টেশনে গিয়ে আহত বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নেন এবং খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে নিরাপদ আবাসনের ব্যবস্থাও করার উদ্যোগ নেওয়া হয়েছিল।
বৃদ্ধাকে নির্যাতন ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে ইউএনও জানিয়েছেন।
তিনি বলেন, “দায়িত্ব নেওয়ার পরদিন রাতেই তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”